বিজিএমইএর নির্বাচন আগামী ২০ মার্চ
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচনের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। ২০ মার্চ ঢাকা ও চট্টগ্রামে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গতকাল সোমবার বিজিএমইএ নির্বাচনী বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জানা গেছে, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিজিএমইএর ২০১১-১২ মেয়াদের পরিচালনা পর্ষদের ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকায় নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপের সঙ্গে আলোচনা করে নির্বাচন স্থগিত করে দেয়।এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি ব্যবসায়িক গোষ্ঠীর ব্যানারে ইতিমধ্যে সব কটিতেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।