বিজিএমইএর নির্বাচন স্থগিত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিজিএমইএর ২০১১-১২ মেয়াদের পরিচালনা পর্ষদের ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামের দুটি ব্যবসায়িক গোষ্ঠী সব কটিতেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র চূড়ান্ত করে। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। অন্যদিকে সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। খোঁজ নিয়ে জানা গেছে, এবার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অভিযোগ জানানো হয়, তালিকায় ভুয়া ভোটার রয়েছে। এ ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রতিদ্বন্দ্বী উভয় গ্রুপ থেকে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়। প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সঙ্গে বৈঠক করে ভোটার তালিকায় কোনো ভুয়া ভোটার রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশন থেকে নির্বাচন আপাতন স্থগিত করা হয়। জানা গেছে, নির্বাচন কমিশন থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজিএমইএ বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ কিছুদিন বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়েও আবেদন জানানো হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরই নির্বাচনের নতুন দিন নির্ধারণ করা হবে।