বিজিএমইএর প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন সুইডিশ উপমন্ত্রী
আশুলিয়ায় অবস্থিত তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সেন্টার ফর এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির (সিবাই) কার্যালয় ঘুরে দেখেছেন সুইডেনের কর্মসংস্থান উপমন্ত্রী আইরিন ভেনেমো।
সুইডিশ এই উপমন্ত্রী গত সোমবার সিবাইয়ের কার্যালয়ে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল। সেখানে উপমন্ত্রী প্রথমেই বিজিএমইএর সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান ও মোহাম্মদ নাছির, সাবেক সভাপতি আতিকুল ইসলাম এবং সাবেক সভাপতি ও বর্তমানে এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
বিজিএমইএ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সুইডেনের কর্মসংস্থান উপমন্ত্রী রানা প্লাজা ধসের পর পোশাক খাতের সাম্প্রতিক উন্নয়ন ও শ্রমবাজারের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
জানতে চাইলে ফারুক হাসান প্রথম আলোকে বলেন, সুইডেন সরকার, ‘বিখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় সিবাই চালু করা হয়েছে। এখানে পোশাক শ্রমিকদের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়।’