বিজিএমইএর বর্তমান কমিটির মেয়াদ ১৫ দিন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বর্তমান পরিচালনা পর্ষদ ও সমিতির সচিবকে অভিযুক্ত করা হয়েছে সংগঠনের জরুরি মতবিনিময় সভায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় অবশ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক পক্ষ উপস্থিত থাকেনি। এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনসংক্রান্ত পরিচালক (ডিটিও) বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ১৫ দিন বৃদ্ধি করেছে। অন্যদিকে সাধারণ সভা বিবদমান পরিস্থিতির মধ্যস্থতার জন্য এফবিসিসিআইকে দায়িত্ব দিতে বলেছে।প্রসঙ্গত, ভুয়া ভোটার থাকার অভিযোগে পূর্বঘোষণা অনুসারে ২৪ ফেব্রুয়ারি বিজিএমইএর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। ১৯ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা বোর্ডের এক সভায় নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনে সমিতিকেন্দ্রিক ব্যবসায়ীদের দুটি গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করছিল। বর্তমান কমিটি গঠিত হয়েছিল বিগত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার ফলাফলের ভিত্তিতে। সম্মিলিত পরিষদ ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। স্থগিত হওয়া নির্বাচনে এই সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছিলেন বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। অন্যদিকে সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ নেতৃত্ব দিচ্ছিলেন ফোরামের। বিজিএমইএ নির্বাচনে বরাবরই ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে ব্যবসায়ীদের দুটি গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।উল্লেখ্য, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে আগামী ১২ মার্চ পর্যন্ত। কিন্তু ভুয়া ভোটার থাকার কারণে নির্ধারিত সময়ের আগে বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। এই পরিস্থিতিতে কমিটির মেয়াদ বাড়ানোর আবেদন করা হলে ডিটিও মেয়াদ বৃদ্ধি করেছে।পরিস্থিতি বিবেচনায় বর্তমান কমিটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি ছেপে গতকাল সাধারণ মতবিনিময় সভার আহ্বান জানায়। সূত্র জানায়, সভায় নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার দায় বর্তমান পরিচালনা পর্ষদ ও সভাপতি এড়াতে পারেন না—এমন মন্তব্য করেন এক ব্যবসায়ী। তিনি আরও বলেন, শিল্পমালিকেরা চান, সম্মিলিত পরিষদ ও ফোরাম যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে বর্তমান জটিলতা কাটিয়ে উঠুক এবং নির্বাচন অনুষ্ঠিত হোক। তাঁকে সমর্থন করেন অনেকে।তবে সমিতির সেক্রেটারি গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোস্তাফিজুর রহমানকে অনেক আলোচকই অভিযুক্ত করেন। বলেন, তিনি কী দায়িত্ব পালন করেছেন যে এত ভুয়া ভোটার হতে পারল। নির্বাচন কমিশন না হয় এসব অফিশিয়াল বিষয় সম্পর্কে অবগত নয়। কিন্তু সচিব কী দায়িত্ব পালন করলেন? তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে সভা থেকে।সভায় ২২ জন, ৫০-এর বেশি এমনকি ১০০, ১২০ জনের বেশি ভুয়া ভোটার রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।স্থগিত হওয়া নির্বাচনে বিজিএমইএর তালিকাভুক্ত পাঁচ হাজার ৬২৯টি কোম্পানির মধ্যে তিন হাজার ২৫৯ জনের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। কিন্তু ভোটার তালিকায় একজনের ছবি ব্যবহার করে তিনজন ভোটার বানানোর উদাহরণও পাওয়া যায়।