
সাভারের রানা প্লাজা ধসের পর দেড় বছর পার হয়েছে। এখনো হতাহত ব্যক্তিরা পুরো ক্ষতিপূরণ পাননি। কারখানা পরিদর্শনের কাজ চলছে। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম
প্রথম আলো: ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় বিজিএমইএর ভূমিকা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। আরও অনেক কিছু করার সুযোগ থাকলেও কেন করল না বিজিএমইএ?
শহিদউল্লাহ আজিম: বিজিএমইএ আর্থিক প্রতিষ্ঠান নয়। তার পরও মানবিক কারণে রানা প্লাজা ধসের পর থেকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করেছে। ঘটনার পর আহত ব্যক্তিদের চিকিৎসা থেকে শুরু করে দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া ভবনের সব শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করে বিজিএমইএ। সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে এসব ব্যয় করা হয়। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে নিহত শ্রমিকদের ৩৫ জন সন্তানের ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে। প্রতি মাসে ৪০ জন আহত শ্রমিককে চিকিৎসা বাবদ অর্থ দেওয়া হচ্ছে। রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দেওয়া হয়েছে। ফলে বিজিএমইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক নয়।
প্রথম আলো: রানা প্লাজা ধসের পর শ্রমিকদের নিরাপত্তায় পোশাক কারখানার মালিকেরা কতটা সচেতন হয়েছেন?
শহিদউল্লাহ আজিম: সাভারের দুর্ঘটনার পর কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছে বিজিএমইএ। সে অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভবনের ভার কমানোর জন্য জেনারেটর নামানো হয়। এ বিষয়ে শুরুতে নির্দেশ না পালন করায় ১৮০টি কারখানাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রম শুরুর আগেই বিজিএমইএ ঝুঁকিপূর্ণ ২৮টি কারখানা বন্ধ করে দেয়। একই সঙ্গে কর্মপরিবেশ উন্নতির জন্য ও বিপর্যয় সামাল দিতে সংগঠনকে পুনর্গঠন করা হয়। শ্রমিক ও কারখানার মধ্যম সারির কর্মকর্তাদের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দিতে ৩৫ জন স্থায়ী প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে শেয়ারড ভবনে কারখানা অনুমোদন দেওয়া হচ্ছে না। আবার সব কাগজপত্র ঠিকঠাক থাকলে নতুন কারখানা প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই অনুমোদন দেওয়া হচ্ছে। মূল কথা হচ্ছে, নিরাপত্তা ইস্যুতে বিজিএমইএ কাউকে ছাড় দেবে না। অন্যদিকে আমি বলব, মালিকেরাও সচেতন হয়েছেন। তাঁরা উপলব্ধি করতে পেরেছেন, কর্মপরিবেশের উন্নতি ছাড়া ব্যবসায় টেকা যাবে না। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনের আগে তাঁরা শঙ্কায় ছিলেন। কিন্তু এখন তাঁরা পুরো বিষয়টিকে সাদরে গ্রহণ করেছেন। এখন পর্যন্ত শ্রমমান উন্নতিতে ক্রেতারা সন্তুষ্ট। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পুরো বিষয়টি শক্ত পর্যবেক্ষণের মধ্যে রাখব।
প্রথম আলো: রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্প ইমেজ-সংকটে পড়ে। দেড় বছর পর আজকে এই ইমেজ কতটা পুনরুদ্ধার সম্ভব হয়েছে?
শহিদউল্লাহ আজিম: সাভারের ভবনধসের পর প্রচার হয়েছিল, আমাদের ৮০ শতাংশ কারখানাই খারাপ। তবে বিদেশি ক্রেতাদের দুই জোটের পরিদর্শনের পর দেখা যাচ্ছে, সেই হার মাত্র ২ শতাংশ। এগুলো সংস্কার ছাড়াও কারখানার মানোন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ইমেজ পুনরুদ্ধার হয়েছে বলা যায়। সম্প্রতি বাংলাদেশে সফরে আসা এইচঅ্যান্ডএমের সিইও কার্যাদেশ বাড়ানোর প্রতিশ্রুতিও সেই ইঙ্গিতই দিচ্ছে। ফলে শঙ্কার কিছু নেই। পোশাকশিল্পের ৩০ বছরে অভিজ্ঞতা, সক্ষমতা ও কম মূল্য—এই তিন স্তম্ভই আমাদের এই ব্যবসাকে টিকিয়ে রাখবে।
মো. শহিদউল্লাহ আজিম
সহসভাপতি, বিজিএমইএ