বিজিএমইএর ভোট গণনা চলছে
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। এর আগে ঢাকা ও চট্টগ্রামে আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল তিন হাজার ২০০ জনের কিছু বেশি। এবারের নির্বাচনে সমিতিকেন্দ্রিক দুটি ব্যবসায়ী গোষ্ঠী ফোরাম ও সম্মিলিত পরিষদ ২৭টি পদের প্রতিটির জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা না থাকার অভিযোগে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের একটি গোষ্ঠী ফোরাম ভোটকেন্দ্রে যাচ্ছে না। ফলে এই নির্বাচনে সংগঠনটির আওতাভুক্ত শিল্পমালিকদের আরেকটি গোষ্ঠী সম্মিলিত পরিষদের একতরফা নির্বাচন হতে যাচ্ছে। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।যোগাযোগ করা হলে ফোরামের দলনেতা আনোয়ার-উল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু ভোটার তালিকা ছাড়াই একটা প্রহসন হতে যাচ্ছে, তাই ভোটকেন্দ্রে আমরা যাচ্ছি না।’অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘এটা খুবই একটা বাজে ও দুঃখজনক ঘটনা।’ তিনি মনে করেন, দেশের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠনের আওতাভুক্ত শিল্পমালিকদের নেতৃত্বকে অবশ্য দায়িত্ববান হওয়া উচিত এবং এই সংগঠনের স্বার্থে নির্বাচনে সবার ভোট দিতেও আসা উচিত।