বিজিএমইএর সভাপতির বক্তব্যে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে যেই-ই মার্কিন সরকার বা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করুক না কেন, তা রাষ্ট্রদ্রোহ—বিজিএমইএর সভাপতির এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান তিনি। খবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের।
১০ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশ থেকে পাঠানো একটি চিঠি দেখিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ তোলেন কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান। এর পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, কোনো ব্যক্তি বা শ্রমিক অধিকার কর্মী কাউকে না জানিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সরকার বা দেশটির কংগ্রেসের কাছে শ্রমিক নির্যাতনের অভিযোগ করলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁদের বিচারের মুখোমুখি করা উচিত।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিজিএমইএর সভাপতির বক্তব্যের বিষয়ে ম্যারি হার্ফের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা গভীর উদ্বেগের বিষয়। তিনি (বিজিএমইএর সভাপতি) সত্যিই এ বক্তব্য দিয়ে থাকলে তা একেবারেই অগ্রহণযোগ্য ও জঘন্য। বাংলাদেশ সমৃদ্ধ সংসদীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা ভোগ করছে। সেখানে এ ধরনের বক্তব্য বা সুশীল সমাজের মুখ বন্ধ করার চেষ্টা হলে তার সিদ্ধান্ত বাংলাদেশিদেরই নিতে হবে।