বিজেএমসির লোকসান ৪৮২ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) লোকসানি বৃত্তের মধ্যে আছে। তবে বিদায়ী ২০১৬-১৭ অর্থবছর বিজেএমসির লোকসানের পরিমাণ কিছুটা কমে ৪৮১ কোটি ৯০ লাখ টাকা হয়েছে। তার আগের অর্থবছর লোকসান হয়েছিল ৬৫৬ কোটি ৮১ লাখ টাকা।
বিজেএমসির আওতাধীন মিলগুলোর গত অর্থবছরের কর্মসম্পাদন মূল্যায়ন সভায় গতকাল রোববার এ তথ্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। এতে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় ধারাবাহিক লোকসানের বিষয়ে বিজেএমসি যুক্তি দেখিয়েছে, রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শ্রমিক কাজ করছেন। মজুরি কমিশনের নির্ধারিত মজুরি দিতে হয় তাঁদের। অন্যদিকে বিশ্ববাজারে পাটজাতপণ্য রপ্তানি আগের চেয়ে হ্রাস পেয়েছে। এ জন্য বিজেএমসি আর্থিক সংকটে পড়েছে। অর্থসংকটের কারণে সময়মতো কাঁচা পাট কেনা সম্ভব হচ্ছে না। পাশাপাশি প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও দুর্নীতির কারণে ধারাবাহিক লোকসান হচ্ছে।
সভায় জানানো হয়, গত অর্থবছর পাট ক্রয়কেন্দ্রের সংখ্যা ১৪৭টি থেকে কমিয়ে ৬৪টি করা হয়। এ ছাড়া খোলা পাটের পরিবর্তে বেল আকারে পাট কেনা হয়। এতে করে ভালো মানের পাট ক্রয়ের পাশাপাশি দুর্নীতি কমানো গেছে। এ ছাড়া ১৭টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করায় চাহিদা বেড়েছে।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাটকলগুলোর আধুনিকায়নের জন্য চীনসহ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, পাট থেকে সম্ভাবনাময় চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, পলিথিনের বিকল্প পাটের শপিং ব্যাগ উৎপাদনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ফলে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে।