বিটিআরসি আগামী সপ্তাহে উন্মুক্ত দরপত্র ডাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন ব্যবহারকারীদের নম্বর না বদলে অপারেটর বদলের সুবিধা (এমএনপি) দিতে আগামী সপ্তাহে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এমএনপি-সুবিধা বাস্তবায়নে কারিগরি সক্ষমতা আছে এমন প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এমএনপি চালু করার জন্য নিলামের মাধ্যমে নির্বাচিত একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে। কারিগরি দক্ষতার বিষয় থাকায় এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে এমন প্রতিষ্ঠানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে।’
ফোন নম্বর অপরিবর্তিত রেখে মুঠোফোন অপারেটর পরিবর্তন করার সুবিধাকে বলা হয় এমএনপি। একজন গ্রাহক নম্বর অপরিবর্তিত রেখেই নিজেদের ইচ্ছেমতো এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে পারেন এ ব্যবস্থায়।
এমএনপি বাস্তবায়নে তৈরি করা নীতিমালা অনুযায়ী, এ সুবিধা পেতে গ্রাহকের খরচ হবে ৩০ টাকা। আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান, তাহলে তাঁকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে। প্রি-পেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি-সুবিধা পাবেন।
বিটিআরসি সূত্রে জানা গেছে, নিলামে অংশ নেওয়ার ভিত্তিমূল্য হবে এক কোটি টাকা। নিলাম-প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানকে ১৫ বছর মেয়াদে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানটিকে ব্যবসা শুরুর দ্বিতীয় বছর থেকে সাড়ে ৫ শতাংশ হারে সরকারকে রাজস্ব দিতে হবে।
এমএনপি বাস্তবায়নে ২০১২ সালে প্রথম উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। সে উদ্যোগের অংশ হিসেবে ২০১৩ সালের ১৩ জুন মোবাইল অপারেটরদের এমএনপি বাস্তবায়ন করতে একটি নির্দেশনা দেয় কমিশন। তাতে বলা হয়েছিল, ২০১৪ সালের জানুয়ারির মধ্যেই গ্রাহকদের এ সুবিধা দিতে হবে। ২০১৪ সালের ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে গ্রাহকদের মতামতও সংগ্রহ করে বিটিআরসি। এরপর এখন সেটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলো।
সামাজিক উন্নয়ন তহবিলের টাকা: সামাজিক উন্নয়ন তহবিলের (এসওএফ) আওতায় বিটিআরসির কাছে থাকা ৭২৫ কোটি টাকা তিনটি খাতে খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন বছর অব্যবহৃত থাকা এ তহবিলের টাকা খরচের সিদ্ধান্ত নিতে গতকাল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসি কার্যালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান বলেন, দুর্গম এলাকায় টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজে সহায়তা ও স্কুল শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই ইন্টারনেট সেবা দেওয়ার কাজে এ অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নেওয়া প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
দেশের মোবাইল ফোন অপারেটরদের মোট বার্ষিক আয়ের ১ শতাংশ কেটে নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে এই তহবিল গঠন করা হয়। এরপর থেকে দেশের ছয় মোবাইল ফোন অপারেটর এ তহবিলে প্রায় ৬৮৩ কোটি টাকা জমা দিয়েছে, বাকি ৪২ কোটি টাকা সুদ হিসেবে তহবিলে জমা হয়েছে।
মোবাইল অপারেটরদের বাইরে টেলিযোগাযোগ খাতের অন্য প্রতিষ্ঠানগুলোও যাতে এ তহবিলে টাকা দেয়, সে জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান বিটিআরসি চেয়ারম্যান।