মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূত (মার্জার) হতে যে আবেদন জমা দিয়েছে, সে সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য অপারেটর দুটিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
কমিশন সূত্রে জানা গেছে, নতুন করে রবি ও এয়ারটেলের পরিচালনা পর্ষদের সভার পূর্ণাঙ্গ কার্যবিবরণী, তরঙ্গ একীভূত করার নিয়ম এবং একীভূত কোম্পানিতে যোগদানে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বপ্রণোদিত অবসর স্কিমের (ভিআরএস) তথ্য জমা দিতে বলা হয়েছে। অপারেটর দুটির বর্তমান ও ভবিষ্যৎ শেয়ার মূলধন কাঠামো এবং সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনও চেয়েছে বিটিআরসি।
বিটিআরসির মুখপাত্র সরওয়ার আলম গতকাল প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর কোম্পানি দুটির একীভূত হওয়ার বিষয়টি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রবি ও এয়ারটেল একীভূত হওয়ার অনুমতি চেয়ে গত সেপ্টেম্বরে বিটিআরসিতে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানি দুটির একীভূত হওয়ার বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে বিটিআরসি।
চলতি সপ্তাহেই আবেদনটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল। কিন্তু বিটিআরসি নতুন তথ্যগুলো চাওয়ায় তা পাঠাতে আরও কিছু সময় লাগবে।
বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে রবি–এয়ারটেলের একীভূত হওয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়ে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল দুই অপারেটরের কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত না করা, প্রধান অংশীদার কোম্পানিকে বকেয়া পরিশোধের দায়দায়িত্ব নেওয়া, এয়ারটেলের ০১৬ কোডটি তিন বছর পর্যন্ত চালু রাখা, বিদ্যমান আইন অনুযায়ী একীভূত কোম্পানির সব সম্পদের ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি।
রবি ও এয়ারটেল এক হলে গ্রামীণফোনের পর এটিই হবে দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর। এতে রবির ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ মালিকানা থাকবে। নতুন কোম্পানিটির নাম হবে ‘রবি’।