বিটিআরসি আরও তথ্য চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্রণোদিত অবসর স্কিমের (ভিআরএস) তথ্য চেয়ে মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একীভূত (মার্জার) হতে রবি ও এয়ারটেলের গত সেপ্টেম্বরে জমা দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতেই এ তথ্য চেয়েছে কমিশন।
ভিআরএস হলো একীভূত কোম্পানিতে যোগ দিতে অনিচ্ছুক কর্মীদের জন্য আর্থিক সুবিধার প্যাকেজ।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একীভূত হওয়ার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ভিআরএস সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি। যেসব কর্মী নতুন গঠিত কোম্পানিতে যোগ দিতে চান না, তাঁদের জন্য ভিআরএস গুরুত্বপূর্ণ, তাই এ-সম্পর্কিত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
রবি-এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনে বিটিআরসি প্রাথমিক সম্মতি দিলেও যে কয়েকটি শর্ত জুড়ে দেয় তার একটি হলো রবি ও এয়ারটেলে কর্মরত কোনো ব্যক্তিকেই চাকরিচ্যুত করা যাবে না। একইভাবে রবি ও এয়ারটেলের তালিকাভুক্ত পরিবেশকদের লাইসেন্সও বাতিল না করার শর্তও দেওয়া হয়। বর্তমানে রবি ও এয়ারটেলে স্থায়ী লোকবল আছে ২ হাজার ১০০।
এর আগে ১৩ অক্টোবর অপারেটর দুটির বোর্ড পরিচালকদের সভার পূর্ণাঙ্গ কার্যবিবরণী, তরঙ্গ একীভূত করার নিয়ম, বর্তমান ও ভবিষ্যৎ শেয়ার মূলধন কাঠামো, সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনের তথ্য চেয়ে আরেকটি চিঠি দিয়েছিল বিটিআরসি।