বিটিআরসি ও অপারেটর বিপরীত অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন তরঙ্গ নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে না দেশের চার শীর্ষস্থানীয় বেসরকারি মুঠোফোন অপারেটর। অন্যদিকে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তরঙ্গ নিলাম আয়োজনের ব্যাপারে অনড় রয়েছে। দুই পক্ষের এ মুখোমুখি অবস্থানের ফলে পুরো নিলামপ্রক্রিয়া নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তরঙ্গ নিলাম বিষয়ে গতকাল বুধবার বিটিআরসির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সভাপতিত্বে বৈঠকে চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিনিয়োগকারীরা ইতোমধ্যেই বলেছেন, দীর্ঘদিন থেকে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার প্রতিশ্রুত সমাধান না হলে তাঁদের পক্ষে নিলামে অংশ নেওয়া সম্ভব হবে না। গ্রামীণফোন তার বিনিয়োগকারীদের অবস্থানের সঙ্গে একমত।’
এর আগে ১ মার্চ চার অপারেটরের মূল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এক চিঠির মাধ্যমে সরকারকে নতুন তরঙ্গ নিলামে অংশ নিতে অপারগতার কথা জানায়। সিম কার্ড কর প্রতিস্থাপন মামলাসহ চারটি বিষয়ে সুস্পষ্ট সমাধান না হলে আগামী ৩০ এপ্রিলের তরঙ্গ নিলামে অংশ না নেওয়ার কথা জানানো হয় এ চিঠিতে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র থেকে জানা যায়, সিম প্রতিস্থাপন করসংক্রান্ত সমস্যার বিষয়টি বিস্তারিত তুলে ধরে বিটিআরসির চেয়ারম্যান অপারেটরদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আরও একটি চিঠি দেওয়ার পরামর্শ দেন। আগামী ৩০ এপ্রিলের নিলাম আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্তও করেন বিটিআরসির চেয়ারম্যান। পাশাপাশি সিম কার্ড পুনরায় নিবন্ধনের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
এ তরঙ্গ নিলাম না হলে সরকারের রাজস্ব ক্ষতি হবে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা। এ বিষয়ে কথা বলার জন্য বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।