বিটিআরসি শেয়ার হস্তান্তর ফি আদায়ের বিধান বাতিল করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ কোম্পানিগুলোর কাছ থেকে শেয়ার হস্তান্তর ফি আদায়ের বিধান বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত সোমবার বিটিআরসির ৮৭তম বৈঠকে ২০০৫ সালের ১৭ আগস্ট প্রণীত এ বিধানটি বাতিল করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই ওই বিধান বাতিল করা হয়েছে। আশা করি, এতে টেলিযোযোগ খাতে নতুন নতুন বিনিয়োগ আসবে।’ কমিশন সূত্রে জানা গেছে, ভারতীয় টেলিফোন অপারেটর এয়ারটেলের কাছে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার হস্তান্তরে ওই বিধান কার্যকর না হওয়ায় বিভিন্ন বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অন্যদিকে এ সিদ্ধান্তের ফলে শেয়ার হস্তান্তর ফি বাবদ বিটিআরসি আগে যে দেড় শ কোটি টাকা আদায় করেছিল, তার কী হবে বা টাকা সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হবে কি না সেটি অস্পষ্ট। বর্তমান বিটিআরসি এ বিষয়ে তাদের দায় অস্বীকার করছে। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট টেলিযোগাযোগ আইনের প্রদত্ত ক্ষমতাবলে তত্কালীন বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক কমিশনের ৪৯তম সভায় প্রথম এ বিধান চালু করেছিলেন। ওই সময় টেলিযোগাযোগ কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তর ফি মোট মূল্যমানের এক শতাংশ ধার্য করা হয়। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম ২০০৭ সালের ১৪ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ৫৪তম সভায় ওই ফি পুনর্নির্ধারণ করে ৫ দশমিক ৫ শতাংশ। জাপানের এনটিটি ডোকোমোর কাছে একটেলের ৩০ শতাংশ শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ওই বিধান অনুযায়ী প্রায় ১৪১ কোটি টাকা আদায় করা হয়। এরপর ২০০৮ সালের ৮ আগস্ট পাবলিক শেয়ারের ক্ষেত্রে হস্তান্তর ফি না নেওয়ার পক্ষে বিধানটি সংশোধন করা হয়। সর্বশেষ ওয়ারিদের শেয়ার হস্তান্তর ফি না পাওয়া নিয়ে বিতর্ক শুরু হলে বর্তমান বিটিআরসির চেয়ারম্যান গত ৩০ ডিসেম্বর আইনজীবী আজমালুল হোসেন কিউসির কাছে এ বিষয়ে মতামত গ্রহণ করেন এবং সেই মতামত অনুযায়ী গত সোমবারের সভায় শেয়ার হস্তান্তর ফি আদায়ের বিধানটি বাতিল করা হয়। উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহেও বিটিআরসি শেয়ার হস্তান্তর ফি আদায়ের পক্ষে ছিল। গত ৪ জানুয়ারি বিটিআরসির চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছিলেন, এয়ারটেলকে তাদের বিনিয়োগের পুরো টাকা বাংলাদেশে আনতে হবে এবং ৫ দশমিক ৫ শতাংশ হস্তান্তর ফি দিতে হবে। ওই দিন বিটিআরসি ওয়ারিদকে শেয়ার হস্তান্তরের বিষয়ে যে চিঠি দেয়, তাতেও সংশ্লিষ্ট আইন অনুযায়ী শেয়ার হস্তান্তর ফি দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এরপর গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এয়ারটেলের কর্মকর্তারা জানান, তাঁরা ওয়ারিদ টেলিকমের শেয়ার কেনেননি, এর নেটওয়ার্ক সম্প্রসারণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ৩০০ মিলিয়ন (৩০ কোটি টাকা) মার্কিন ডলার বিনিয়োগের বদৌলতে ৭০ শতাংশ শেয়ার অর্জন করেছেন। এ অবস্থায় শেয়ার বিক্রির ক্ষেত্রে বিটিআরসি যে হস্তান্তর ফি পায় তা এ ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।