বিটিআরসিকে আয়কর পরিশোধ করতে বলেছে রাজস্ব বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) সব ধরনের আয়ের বিপরীতে কর পরিশোধ করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এক চিঠিতে এনবিআর বলেছে, ১৫ জুনের মধ্যে পে-অর্ডারের মাধ্যমে বিটিআরসির ২০১১-১২ অর্থবছরের সম্ভাব্য নিট আয়ের ওপর প্রাক্কলিত অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে। তবে আয়কর দিতে রাজি নয় বিটিআরসি। তাই এনবিআরের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও এনবিআর এখনো কোনো অর্থ পায়নি। বিটিআরসির দাবি, ‘স্থানীয় কর্তৃপক্ষ’ নয়, তারা সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান (স্ট্যাচুটরি পাবলিক অথরিটি) হিসেবে আইন অনুযায়ী সরকারি দাবির পক্ষে রাজস্ব আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেয়। যেহেতু বিটিআরসির নিজস্ব কোনো উপার্জন নেই, তাই আয়কর দিতে বিটিআরসি বাধ্য নয়।এনবিআর গত সপ্তাহে করদাতা হিসেবে টিআইএন নিবন্ধীকরণ ও ২০১১-১২ অর্থবছরের অগ্রিম আয়কর প্রদানের জন্য বিটিআরসিকে চিঠি দেয়। উপকর কমিশনার মো. আবদুস সোবহানের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আয়কর আইন অনুযায়ী বিটিআরসি প্রতিষ্ঠান “স্থানীয় কর্তৃপক্ষ” শ্রেণী/পর্যায়ের করদাতা হিসেবে বিবেচিত এবং কর প্রযোজ্য হার ৩৭ দশমিক ৫ শতাংশ।’ চিঠিতে আরও বলা হয়, আয়কর আইন অনুসারে যথাসময়ে অগ্রিম কর প্রদানে ব্যর্থ হলে এবং আয়কর রিটার্ন (আর্থিক বিবরণীসহ) দাখিলে বিলম্বের জন্য জরিমানা সরল সুদসহ অন্যান্য কঠোর ব্যবস্থার বিধান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০১১-১২ অর্থবছরের বিটিআরসির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া টাকার পরিমাণ হবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। এনবিআরের চাহিদা অনুযায়ী সাড়ে ৩৭ শতাংশ হারে কর দিলে বিটিআরসিকে দিতে হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, বিটিআরসি যে টাকা আদায় করে, তা ব্যাংকে রাখার পর নির্দিষ্ট সময়ে সুদসহ পুরো অর্থই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। সাধারণত, স্থানীয় কর্তৃপক্ষ সরকারকে কর দেওয়ার পর বাকি টাকা নিজেরা খরচ করে। কিন্তু সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিআরসি একটি টাকাও নিজেরা খরচ করতে পারে না বলে জানান তিনি।প্রসঙ্গত, বিটিআরসি প্রতিবছর তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদনে অধীনস্থ প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়কৃত রাজস্বকে নিজের আয় বলে দেখায়। এনবিআরের পাঠানো চিঠিতে আরও বলা হয়, ‘অর্থ আইন, ২০১১-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪ এফ ধারা প্রবর্তনের পর বিটিআরসি একটি করদাতা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির আয় করারোপযোগ্য। তাই বিটিআরসিকে কর দিতে হবে।’ এর জবাবে বিটিআরসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এনবিআরকে চিঠিদিয়েছে।