বিটিআরসিকে ৯ কোটি টাকা ফেরত দিল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারণে বন্ধ করে দেওয়া সিমের ব্যালান্স বা স্থিতি হিসেবে থাকা অর্থ বিটিআরসিকে ফেরত দিয়েছে গ্রামীণফোন।
২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মুঠোফোন অপারেটরটির ২৫ লাখ সিম বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর তাতে জমা ছিল ৯ কোটি ৩৬ লাখ টাকা।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ব্যাংক চেকের মাধ্যমে ৯ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থাকে এ অর্থ ফেরত দেয় গ্রামীণফোন। এর মধ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ কর হিসেবে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা পাবে জাতীয় রাজস্ব বোর্ড। আর বাকি ৭ কোটি ৩২ লাখ টাকা বিটিআরসির হিসাবে যুক্ত হবে।
আইন অনুযায়ী অবৈধ কর্মকাণ্ডের কারণে কোনো সম্পদ বা অর্থ জব্দ হলে সেটির মালিকানা সরকারের কাছে চলে যায়। অবৈধ ভিওআইপির কারণে আটকে যাওয়া অর্থের মালিকানা এ ক্ষেত্রে বিটিআরসির।
জানতে চাইলে বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব মুঠোফোন অপারেটরকে এ-সংক্রান্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় বিক্রির অনুমতিও বিটিআরসির কাছে চেয়েছে গ্রামীণফোন। এর কারণ হিসেবে বলা হয়েছে, বিদ্যমান ০১৭ সিরিজের ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় চাইলেও এখন নতুন সিম বাজারে বিক্রি করা যাচ্ছে না। ২৫ লাখ সিম দিয়ে গ্রামীণফোন সর্বোচ্চ দুই মাসের চাহিদা মেটাতে পারে। গ্রাহক চাহিদা পূরণে বন্ধ সিমের মেয়াদ কমিয়ে আনা অথবা নতুন নম্বর সিরিজ বরাদ্দ দিতে বিটিআরসিকে অনুরোধ করেছে অপারেটরটি।