বিটিআরসির গণবিজ্ঞপ্তিতে আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল
সিটিসেল

দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের মালিকানাধীন সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া গণবিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিটিআরসির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও বিটিআরসির প্রতি রুলও জারি করা হয়েছে।
সিটিসেলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেইন।
আদালতের আদেশের পর সিটিসেলের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘টেলিযোগাযোগ আইন অনুযায়ী বিটিআরসি গ্রাহকদের উদ্দেশে এ ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে না। কারণ, আইন অনুযায়ী সিটিসেলের কার্যক্রম এখনো বাতিল হয়নি। সে বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি।’
সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য গত ৩১ জুলাই ও ১৬ আগস্ট দুটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। প্রথম বিজ্ঞপ্তিতে গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার সময় ১৬ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ২৩ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। সিটিসেলের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। এই বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের কার্যক্রম বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেয় বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সিটিসেল গত ২২ আগস্ট হাইকোর্টে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের লাইসেন্স বাতিলের বিষয়ে স্থগিতাদেশ দেন। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৯ আগস্ট বিটিআরসি আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ দুই কিস্তিতে সিটিসেলকে বকেয়া ৪৭৭ কোটি টাকা শোধ করতে সময় বেঁধে দেন।
১৯৮৯ সালে দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে টেলিযোগাযোগ সেবা দেওয়ার লাইসেন্স পায় সিটিসেল। ১৯৯৩ সালে যাত্রা শুরু করা সিটিসেলের বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিকের কর্ণধার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা এম মোরশেদ খান।