মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে ১৭ ফেব্রুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গতকাল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের জারি করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৮৭ ধারা অনুযায়ী গণশুনানি করা হবে। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন ব্যবহারকারী, ভোক্তা সংস্থা, পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।
গণশুনানিতে অংশ নিতে হলে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধন করতে হবে। ৮ ফেব্রুয়ারির মধ্যে বিটিআরসির ওয়েবসাইট www.btrc.gov.bd থেকে নির্ধারিত ফরমে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এসব আবেদন থেকে দৈবচয়ন ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গণশুনানিতে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে। গণশুনানির স্থান ও সময় ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত ব্যক্তিদের ফোন বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একীভূতকরণের এই বিষয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য থাকলে তা লিখিতভাবেও বিটিআরসিকে জানানো যাবে। এসব লিখিত মতামত ১৭ ফেব্রুয়ারির মধ্যে বিটিআরসির চেয়ারম্যান বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত (মার্জার) করতে গত বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনুষ্ঠানিক চুক্তি করেছে রবি ও এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল। আর বিটিআরসির কাছে ২০১৫ সালের সেপ্টেম্বরে একীভূত হওয়ার আনুষ্ঠানিক আবেদন করে অপারেটর দুটি।
সে আবেদনটির বিভিন্ন দিক বিটিআরসি এখন পরীক্ষা-নিরীক্ষা করছে। এরই অংশ হিসেবে গণশুনানির এ তারিখ ঘোষণা করল বিটিআরসি। একই সঙ্গে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার আর্থসামাজিক প্রভাব নিয়ে সমীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষককে চূড়ান্ত করেছে বিটিআরসি।
এদিকে মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার ও বিটিআরসিকে আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ মার্চের মধ্যে একীভূতকরণের বিষয়ে বিটিআরসির সিদ্ধান্ত সরকারকে জানাতে হবে।