বিটিআরসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা গ্রামীণফোনের
‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) করা ৩০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করেছে গ্রামীণফোন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. সেলিমের যৌথ হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ বিষয়ে শুনানি শেষে গ্রামীণফোনকে ব্যাংক গ্যারান্টি হিসেবে ৩০ কোটি টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছেন। এ ছাড়া বিটিআরসির জরিমানার সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থগিতাদেশও দিয়েছেন আদালত।
আইন ভঙ্গ করে গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার অভিযোগে গত বছরের অক্টোবরে গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। জরিমানার অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে গত বছরের ১৫ নভেম্বর বিটিআরসিকে চিঠি দেয় গ্রামীণফোন। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে গ্রামীণফোন।
বিটিআরসির পক্ষে গতকাল আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেইন। আর গ্রামীণফোনের পক্ষে ছিলেন রেশাদ ইমাম।
গ্রামীণফোন এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছে, ‘বিটিআরসি আরোপিত জরিমানার বিষয়টির আইনগত ভিত্তি নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত এ বিষয়ে স্থগিতাদেশ আরও তিন মাস বর্ধিত করেছেন।’