বিটিএমসিকে সচল করার প্রক্রিয়া আটকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) কাছে সরকার ও ব্যাংকের পাওনা প্রায় দুই হাজার ৫২৩ কোটি টাকা। সংস্থার অধীনে থাকা সুতা উৎপাদনকারী ১৩টি টেক্সটাইল মিল বা বস্ত্রকলের মধ্যে সাতটিই বন্ধ। সচল মিলগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে থাকা রাষ্ট্রীয় এই সংস্থাটিকে সক্রিয় ও লাভজনক করার উদ্যোগ নিয়েছে বিটিএমসি কর্তৃপক্ষ। এ জন্য ছয় পৃষ্ঠার একটি পুনর্গঠন প্রস্তাব গত এপ্রিল মাসে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে পাঁচ মাসেও মন্ত্রণালয় কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, সংস্থাটি সচল করার উদ্যোগগুলো বাস্তবায়ন করা না হলে লোকসানি বিটিএমসি হয়তো একপর্যায়ে বন্ধই করে দিতে হবে। অন্যদিকে সরকারে বিপুল সম্পদের অপচয় রোধ করা যাবে না।জানা যায়, ১৯৭২ সালে জাতীয়করণ করা ৭৪টি ও পরবর্তী সময়ে সরকারের স্থাপিত ১২টিসহ বিভিন্ন সময় বিটিএমসির মালিকানায় ৮৬টি কারখানা বা মিল ছিল। পরবর্তীকালে হস্তান্তর, বিক্রি ও শ্রমিক-কর্মচারীদের প্রদানের পর বর্তমানে ২৩টি মিল সরকারের অধীন আছে। এর মধ্যে বিটিএমসির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ১৩টি। বাকি পাঁচটি বেসরকারি খাতে ছেড়ে দিতে প্রাইভেটাইজেশন কমিশনের তালিকাভুক্ত। বাকিগুলো লিকুইডেশন সেলে ন্যস্ত করেছে মন্ত্রণালয়।মিল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে: বিটিএমসি বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ১৯ কোটি ৫৩ লাখ এবং তার আগের বছর ১৪ কোটি ৭৮ লাখ টাকা লোকসান গুনেছে। এ ছাড়া সংস্থাটির নিয়ন্ত্রণে থাকা ১৩টির মধ্যে এখন সচল আছে ছয়টি কারখানা। তবে সবগুলোই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে বিটিএমসির লোকসান কিংবা ঋণের বোঝা কমাতে পারছে না। সূত্র জানায়, সচল মিলের মধ্যে চারটি সংস্থার নিজস্ব তত্ত্বাবধানে সেবা-মাশুলের ভিত্তিতে চলছে। বাকি দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। সেবা-মাশুলের (সার্ভিস চার্জ) ভিত্তিতে চলা সুন্দরবন, বেঙ্গল, আমিন ও রাজশাহী টেক্সটাইল মিলে প্রতিদিন গড়ে মাত্র ২০ থেকে ২২ বেল সুতা উৎপাদিত হয়। মিলগুলোতে কাজ করছেন সাড়ে ৮০০ হাজার শ্রমিক। তবে বিদ্যুৎবিভ্রাটের কারণে মিলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের নিজস্ব কোনো বিপণনব্যবস্থা নেই। ব্যবসায়ীরা তুলা কিনে সুতা তৈরির কার্যাদেশ দিলেই কেবল মিলের চাকা ঘুরে। এটাকে আসলে স্বাভাবিক চলা বলে না।’ নিজস্ব বিপণনব্যবস্থা ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করা ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব না বলে মন্তব্য করেন তিনি। তবে বিটিএমসির চেয়ারম্যান মাহমুদ উল আলম প্রথম আলোকে বলেন, ‘সীমাবদ্ধতা সত্ত্বেও অবস্থার উন্নতি হচ্ছে। আগামী অক্টোবরে সুন্দরবন ও বেঙ্গল টেক্সটাইলকে আমরা ব্রেক ইভেন পয়েন্টে (না লাভ, না লোকসান অবস্থা) নিয়ে যেতে পারব।’ ঋণের বোঝা: বিটিএমসির কাছে সরকারের পাওনা এক হাজার ৩৪০ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের পাওনা আছে এক হাজার ১৮৩ কোটি টাকা। তবে ইতিপূর্বে হস্তান্তর কিংবা বিক্রীত মিলগুলো থেকে বিটিএমসির পাওনা আছে এক হাজার ১৬৫ কোটি টাকা। এ ছাড়া বেসরকারি কমিশনের হাতে থাকা পাঁচ মিলের কর্তৃত্ব না থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হচ্ছে সংস্থাটিকে। সাত বছর ধরে কমিশনের হাতে আছে রাঙামাটি টেক্সটাইল। কিন্তু দেখভালের দায়িত্ব বিটিএমসির। এ জন্য ব্যয় হয়েছে এক কোটি ৬৮ লাখ টাকা। পুনর্গঠন প্রস্তাব: বিটিএমসির পুনর্গঠন প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়তনের দিক দিয়ে বড় বস্ত্রকলগুলো নিয়ে একাধিক বস্ত্রপল্লি নির্মাণ করা। এসব পল্লিতে রাষ্ট্রীয় কারখানার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বস্ত্রকল প্রতিষ্ঠা করতে পারবে। অবশ্য এ জন্য প্রথমেই স্বীকৃত প্রতিষ্ঠান দিয়ে প্রতিটি মিলের সম্পদ মূল্যায়ন করার কথা বলা হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নিজস্ব বস্ত্রকলগুলো পরিচালনার প্রস্তাব করেছে বিটিএমসি। এতে সরকারের শেয়ার থাকবে। মিল ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। তবে যেসব বস্ত্রকলের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সম্ভব না হবে, সেগুলো নিজস্ব ব্যবস্থাপনাতেই চালাতে চায় বিটিএমসি। মাহমুদ উল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংস্থার পরিচালনা বোর্ডের অনুমোদন নিয়ে পুনর্গঠন প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সব কাজ শেষ করে ছয় মাসের মধ্যে অন্তত একটি প্রকল্প শুরু করা সম্ভব।’ জানা যায়, বিটিএমসির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা ১৩টি মিলের মোট জায়গার পরিমাণ ৪২৯ দশমিক ৮৪ একর। এর মধ্যে নিলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলের ১০৮ দশমিক ৩০, ডেমরার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলের ৩৯ দশমিক ৮৬, দিনাজপুর টেক্সটাইল মিলের ৩৬ দশমিক ৫৪, নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলের ৩৫ দশমিক ৬৭ ও খুলনা টেক্সটাইলে ২৫ দশমিক ৯৯ একর জমি রয়েছে। মূলত এই মিলগুলোতেই টেক্সটাইলপল্লি করতে চায় বিটিএমসি। এসব কারখানার আয়তন বেশি, অব্যবহূত হিসেবেও পড়ে আছে অনেক জমি। এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ‘বিটিএমসির একমাত্র সম্পদ হচ্ছে মিলগুলোর বিপুল পরিমাণ জমি। এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে লোকসানি অপবাদ ঘুচানো সম্ভব।’যোগাযোগ করা হলে বস্ত্র ও পাটসচিব মো. আশরাফুল মকবুল বিটিএমসির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘কারওয়ান বাজারে ১৩ কাঠা জমির ওপর বহুতলবিশিষ্ট ভবন করা এবং নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন ও খুলনা বস্ত্রকলকে বস্ত্রপল্লি করার পরিকল্পনা রয়েছে।’ সচিব আরও বলেন, চিত্তরঞ্জনের ব্যাপারে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এরই মধ্যে অনুমোদন দিয়েছে। খুলনারটি নিয়ে দুটি মামলা থাকায় আপাতত কিছু করা যাচ্ছে না। দায়দেনা বিষয়ে আশরাফুল বলেন, ‘বিজেএমসির দায়দেনা যেমন অর্থ বিভাগ নিষ্পত্তি করে দিয়েছে, আমরা চাই বিটিএমসির দায়দেনাও তা করে দিক। আর পুনর্গঠন প্রস্তাব নিয়ে জুন মাসে মন্ত্রণালয়ে একটি সভা হয়েছিল। আজ বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয়ের বৈঠকে আবার আলোচনা হবে।’