বিডিবিএলের কার্যক্রম রোববার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত দুই আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) একীভূত প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) আগামী ৩ জানুয়ারি রোববার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এ উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিএসবি ও বিএসআরএসের সমুদয় সম্পদ ও দায়দেনা নবগঠিত বিডিবিএলে হস্তান্তরের জন্য ‘ভেন্ডার অ্যাগ্রিমেন্ট’ (আনুষ্ঠানিক চুক্তি) সম্পন্ন হয়েছে। দুটি আর্থিক প্রতিষ্ঠান একীভূত হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম। এর মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে বিএসবি ও বিএসআরএস। চুক্তিতে বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব রিজওয়ানুল হুদা এবং বিডিবিএলের পরিচালক সেলিমা আহমাদ স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থসচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আজ শুক্রবার ও কাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার থেকে রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে বিডিবিএলের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সত্তরের দশকের মাঝামাঝি থেকেই বিএসবি ও বিএসআরএস ভয়ংকর রূপ ধারণ করে। ফলে আশির দশকের গোড়া থেকেই প্রতিষ্ঠান দুটিকে একীভূত করার চিন্তা করা হয়। দীর্ঘ প্রায় দুই দশক পরে শেষ পর্যন্ত একীভূত হতে পারাকে সাফল্য হিসেবেই দেখছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতই গরিব হোক না কেন, তা ব্যাপকভাবে মুদ্রায়িত। ব্যাংকিং খাতও প্রসারিত বেশ। তবে বিডিবিএলকে সব সময়ই মনে রাখতে হবে তার প্রতিযোগী কারা। অর্থমন্ত্রী আরও বলেন, ‘মহামন্দার কবল থেকে প্রায় বেরিয়ে গেছি। অর্থনীতির প্রায় সব সূচকই ইতিবাচক। তবে বিনিয়োগ ও রাজস্ব আদায়ে সমস্যা রয়ে গেছে। সুতরাং সন্তুষ্ট থাকার যেমন কারণ নেই, আবার অবকাশ নেই অস্বস্তিতে থাকারও।’এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ২০১০ সালের জন্য চ্যালেঞ্জ হিসেবে তিনটি বিষয়কে বিবেচনা করেন। এগুলো হচ্ছে—বিদ্যুত্ ও জ্বালানি খাতের উন্নয়ন, সরকারি ব্যয় বাড়ানো এবং সুশাসন ও সুনীতি বজায় রাখা। অর্থসচিব মোহাম্মদ তারেক বলেন, রুগ্ণ দুই প্রতিষ্ঠানের একীভূত রূপ বিডিবিএল প্রতিযোগিতাপূর্ণ বাজারে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন। তবে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে না পারলে রুগ্ণই থেকে যাবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিবিএল গঠনের বিষয়টিকে সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে কী কারণে বিএসবি ও বিএসআরএসের বর্তমান পরিণতি হয়েছে।’ চুক্তি স্বাক্ষরের আগে বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমেদ চৌধুরী বিডিবিএল গঠনের পেছনের নানা দিক তুলে ধরেন। বিডিবিএল একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, শিল্প পুঁজির যোগানদানকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবে তাদের কার্যক্রম চালাবে বলে জানা গেছে।