বিডিবিএলের নেতৃত্বে আরআর স্পিনিংয়ের জন্য ৩৯ কোটি টাকার ঋণ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নেতৃত্বে আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেডকে ৩৯ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকার ঋণ দেওয়া হবে।এর মধ্যে বিডিবিএল ১৯ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকা, অগ্রণী ব্যাংক ১৭ কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক তিন কোটি টাকার জোগান দেবে।এ ব্যাপারে ব্যাংকগুলোর সঙ্গে সম্প্রতি আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেডের একটি ঋণচুক্তি হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী এবং আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলস প্রকল্পের চেয়ারপারসন নাবিলা আফজাল ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা তারানা ওয়ারিসহ প্রতিষ্ঠানগুলোর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।আরআর স্পিনিং অ্যান্ড কটন মিলস এই প্রকল্প স্থাপিত হবে সিরাজগঞ্জে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকা। ২৪ হাজার ৭৬৮ স্পিন্ডেলবিশিষ্ট এই কারখানায় বার্ষিক ৪৮ লাখ কেজিরও বেশি সুতা উত্পাদিত হবে। এতে ৩২৫ জন লোকের কর্মসংস্থান হবে।মো. মিজানুর রহমান যথাসময়ে প্রকল্পটি বাস্তবায়ন ও নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে উদাহরণ সৃষ্টির জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।