বিতর্ক রেখেই চালু হচ্ছে নিউমুরিং টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমুরিং কনটেইনার টার্মিনালের চারটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজের উদ্বোধন হচ্ছে আগামী শনিবার। নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে এ টার্মিনাল চালু হলেও বিতর্ক পিছু ছাড়ছে না।
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে পাশ কাটিয়ে এই টার্মিনালে কাজের অনুমোদন এবং আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে চুক্তির অভিযোগ ঝুলছে এখনো। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব অভিযোগের বিষয়ে মতামত জানতে চিঠি দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে এসব অভিযোগ অস্বীকারও করেছে।
জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর সবচেয়ে বড় টার্মিনাল এটি। দরপত্রের মাধ্যমে টার্মিনালের চারটি জেটির জন্য দুটি দরপত্র আহ্বান করেছিল বন্দর। দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চুক্তিও করেছে বন্দর কর্তৃপক্ষ। নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে কনটেইনার ওঠানো-নামানোর কাজের উদ্বোধন হবে আগামী শনিবার। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এর উদ্বোধন করবেন।
গত ২৫ জুন বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৪ ও ৫ নম্বর জেটি পরিচালন-সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তিমূল্য ছিল ৪৯ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। এই দরপত্রে সাইফ পাওয়ারটেকের সঙ্গে মেয়র আ জ ম নাছিরের প্রতিষ্ঠান এম এইচ চৌধুরী লিমিটেডের ৩০ শতাংশ এবং নোয়াখালীর সদর আসনের সরকারদলীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর প্রতিষ্ঠান এ অ্যান্ড জে ট্রেডার্সের ৩০ শতাংশ শেয়ার রয়েছে। এরপর গত ২৩ সেপ্টেম্বর টার্মিনালটির ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার জন্য বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তি সই হয়। এর চুক্তিমূল্য ছিল ৪৯ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা।
বন্দর কর্তৃপক্ষ একই টার্মিনালে একই ধরনের কাজের দুটি দরপত্র আহ্বান করে। দুটি কাজের মোট দর দাঁড়ায় ৯৯ কোটি ৫১ লাখ টাকা। বিধি অনুযায়ী, ৫০ কোটি টাকার ঊর্ধ্বে কোনো কাজের অনুমোদন নিতে হয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে। এই টার্মিনালের দুটি কাজের মোট দর ৫০ কোটি টাকার বেশি হওয়ায় মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। বন্দর কর্তৃপক্ষ কেবল নৌপরিবহন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে নির্বাচিত ঠিকাদারের সঙ্গে চুক্তি সই করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১১ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয়ে এক চিঠিতে মন্ত্রিসভা কমিটিকে পাশ কাটিয়ে এই টার্মিনালে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে কার্যাদেশ প্রদানসংক্রান্ত অভিযোগের বিষয়ে মতামত জানতে চিঠি দেওয়া হয়। এরপর নৌপরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে মতামত জানাতে নির্দেশ দেয়। এ নির্দেশের পর বন্দর থেকে মন্ত্রণালয়ে জানানো হয়, ‘কোনোরূপ প্যাকেজ নম্বর বা লট নম্বর উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়নি।’
বন্দরসচিব মো. ওমর ফারুকের সই করা চিঠিতে বলা হয়, গত ৪ মে বন্দর দুটি দরপত্র আহ্বান করে। এই দরপত্রের বিরুদ্ধে হাইকোর্টে দুটি রিট আবেদন দায়ের করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত নিউমুরিং টার্মিনালে অপারেটর নিয়োগ স্থগিত রাখা হয়। গত ৫ আগস্ট মামলাসমূহের চূড়ান্ত শুনানি শেষে খারিজ হয়েছে এবং দরপত্র প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই বলে বন্দরের নিয়োজিত আইনজীবী অবহিত করেছে। পরবর্তী সময়ে চুক্তি সই হয়েছে সাইফ পাওয়ারটেকের সঙ্গে।
চিঠিতে এ তথ্য থাকলেও বাস্তবে বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের সঙ্গে দুটি জেটি পরিচালনার চুক্তি সই করেছে গত ২৫ জুন। অথচ হাইকোর্টের নির্দেশনা ছিল ৩১ জুলাই পর্যন্ত এ কার্যক্রম স্থগিতাদেশ রাখা।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশনার বিষয়ে আমরা অবহিত ছিলাম না। চুক্তির পর বিষয়টি অবহিত হই। এরপরই আদালতের নির্দেশনা অনুযায়ী টার্মিনালে অপারেটর নিয়োগের কার্যক্রম স্থগিত রাখা হয়।’ তিনি বলেন, ‘নিয়ম মেনে নিউমুরিং টার্মিনালে কাজ দেওয়া হয়েছে।’