সম্পদ-বিত্ত লুণ্ঠন-হরণ দেশে এক ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। দুর্বৃত্তরা রাষ্ট্র ক্ষমতা কার্যত দখল করে নিয়েছে। তাই দারিদ্র্য ও বৈষম্য বেড়ে চলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দুর্বৃত্ত লুটেরাদের সরকার ও রাজনীতির বাইরে রাখতে হবে। আর এই কাজটি রাজনৈতিক পদ্ধতি পরিবর্তনে সঙ্গে সংশ্লিষ্ট।
‘বাংলাদেশের দারিদ্র্য-বৈষম্য-অসমতা: একীভূত রাজনৈতিক তত্ত্বের সন্ধানে’ শীর্ষক লোকবক্তৃতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত এই অভিমত প্রকাশ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে গতকাল শনিবার সকালে অর্থনীতি সমিতির উদ্যোগে এই লোকবক্তৃতা অনুষ্ঠিত হয়। ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালক কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
আবুল বারকাত তাঁর বক্তৃতায় বাংলাদেশের দারিদ্র্য-বৈষম্যের গতি-প্রকৃতি ও কারণ বিশ্লেষণ করেন এবং অর্থনীতি ও রাজনীতির দুর্বৃত্তায়নের সুযোগে অল্প কিছু মানুষ কীভাবে অঢেল বিত্ত-সম্পদের মালিক হয়েছেন, তা ব্যাখ্যা করেন।
বারকাত বলেন, এই লুটেরা বা দুর্বৃত্তরা, ইংরেজিতে যাদের ‘রেন্ট সিকার’ বলা হয়, কোনো বিত্ত সৃষ্টি করে না, বরং অন্যের বিত্ত দখল-হরণ ও আত্মসাৎ করে নিজেরা বিত্তশালী হন। এর মধ্য দিয়ে তাঁরা এখন দেশের মোট জনগোষ্ঠীর ওপরতলার ১ শতাংশ লোক যাঁরা সিংহভাগ ধন-সম্পদের অধিকারী।
আবুল বারকাত বলেন, মাথা গণনার ভিত্তিতে বাংলাদেশের দারিদ্র্য ১৯৮৫-৮৬ সময়কালের ৫৫ দশমিক ৭ শতাংশ থেকে ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। সরকারি এই পরিসংখ্যানের পাশাপাশি এটাও সত্যি যে মোট গরিব মানুষের সংখ্যা বেড়েছে। কেননা, ৩০ বছর আগে ৭০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করত আর তিন কোটি লোক ছিল দরিদ্র। আজকে (২০১০) ৩২ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করলেও প্রায় পাঁচ কোটি লোক গরিব।
বারকাতের মতে, দুর্নীতি দারিদ্র্য বাড়াচ্ছে আর দারিদ্র্য-বঞ্চনা-বৈষম্য থেকে ধর্মভিত্তিক উগ্রতা ও মৌলবাদ শক্তিশালী হচ্ছে।
লোকবক্তৃতার ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, রাষ্ট্রক্ষমতা থেকে দুর্বৃত্তদের বিতাড়ন করা না গেলে গরিবি ও বৈষম্য কমানো যাবে না। আর এই দুর্বৃত্তরা বৈশ্বিকভাবে শক্তিশালী। কেননা, আজকে আমেরিকা, ভারত বা চীনে রাষ্ট্রক্ষমতায় যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকেরই প্রত্যেকের সঙ্গে সখ্য আছে।
সব সমস্যার সমাধানে বাজারনির্ভর করে দেওয়ার নীতির সমালোচনা করেন ইব্রাহীম খালেদ। এ প্রসঙ্গে তিনি গত সপ্তাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রাষ্ট্র মালিকানাধীন তিন ব্যাংকের শেয়ার বাজারে ছেড়ে দেওয়ার পক্ষে উপস্থাপিত যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো চলতে পারছে না, ঝামেলা করছে। আমার প্রশ্ন, চলতে পারছে না, নাকি আপনি চালাতে পারছেন না?’
অপর আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান বলেন, ‘আজকে কৃষিতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও কৃষকের ভাগ্য আমরা ফেরাতে পারিনি। তার মানে আমাদের নীতি-পরিকল্পনায় সমস্যা রয়েই গেছে। আর তা হয়েছে দুর্বৃৃত্তদের ক্ষমতায়নের জন্য।’
প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, ‘দেশে দুর্নীতি আছে। তবে চিন্তা-চেতনায় দুর্নীতি সবচেয়ে বড়। এটা থেকে মুক্ত হতে পারলে আর্থিক ও অন্যান্য দুর্নীতি রোধ করা যাবে।’
সভাপতির ভাষণে কাজী খলীকুজ্জমান বলেন, যাদের অঢেল বিত্ত আছে, তাদের চিত্তের দৈন্য প্রবল। আর তাই তারা শুধু দখল-লুটই করছে।
বক্তারা সাধারণ মানুষকে সংগঠিত হয়ে বৈষম্য-নিপীড়ন প্রতিরোধের আহ্বান জানান।
লোকবক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহসভাপতি জামালউদ্দিন আহমেদ।