দেশে বিত্তশালী বাড়লেও তাঁদের কর দেওয়ার মনোভাব তৈরি হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বৈধ আয় করেন, কর দেন—এমন করদাতাদের দিকে বেশি মনোযোগী। কর ফাঁকিবাজদের দিকে এনবিআরের বেশি মনোযোগী হওয়া উচিত।
গতকাল বুধবার এনবিআর আয়োজিত রাজস্ব সংলাপে অংশ নিয়ে দেশের খ্যাতনামা সাহিত্যিক ও অভিনয়শিল্পীরা এসব কথা বলেন। সেগুনবাগিচার এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমান।
শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, সরকার এমন নতুন পদক্ষেপ নেওয়ার আগে সংসদে আলোচনা হয়েছিল কি না। ভ্যাটের হার কত শতাংশ হবে তা সংসদে উত্থাপিত হয়েছে কি না। গণতান্ত্রিক ব্যবস্থায় এ বিষয়টি অত্যন্ত জরুরি।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, যাঁরা বৈধ আয় করেন তাঁদের দিকে এনবিআরের বেশি নজর থাকে। আর যাঁরা অবৈধ আয় করেন, এনবিআর তাঁদের কাছে কম যায়। এদিকে বেশি নজর দেওয়া উচিত।
অভিনয় ও সংগীতশিল্পীদের মতো লেখকদের জন্য সেরা করদাতার আলাদা ক্যাটাগরি থাকা উচিত বলে মনে করেন আনিসুল হক। তাঁর মতে, পাঠ্যপুস্তকে কর বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, ভেবে দেখা উচিত। ধনীরাই সবচেয়ে বেশি কর ফাঁকি দেন বলে তিনি মনে করেন।
কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের বলেন, ‘নতুন ভ্যাট আইন দেশের জন্য সুফল বয়ে আনবে। এটা ব্যবসায়ীরা কেন মানছেন না, বুঝতে পারছি না।’ তিনি জানান, চেকের মাধ্যমে বাড়িভাড়া নেওয়ার কথা থাকলেও কর ফাঁকি দিতে অনেক বাড়িওয়ালা কিছু টাকা চেকে নেন, কিছু টাকা নগদ নেন।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে বিত্তশালী অনেক বেড়েছে। কিন্তু তাঁদের মধ্যে কর দেওয়ার প্রবণতা তৈরি হয়নি। তবে এনবিআর আগের চেয়ে এ বিষয়ে অনেক বেশি সক্রিয়। ভীতিও অনেক কমেছে।’
যাঁরা কর আদায় করেন, করদাতাদের প্রতি তাঁদের আরও বেশি বন্ধুসুলভ হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও সাংসদ কাজী রোজী, কবি আসলাম সানী, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, শামস সুমন প্রমুখ।