বিত্তশালীদের কাছ থেকে কর আদায়ের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিত্তশালীদের কাছ থেকে কর আদায়ের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। খাদ্যমন্ত্রী বলেছেন, ‘শহরের অনেক বিত্তশালী আছেন, যাঁরা সিঙ্গাপুর থেকে ফার্নিচার কেনেন, তিন-চারটি গাড়ির মালিক, তাঁদের একেকটি অ্যাপার্টমেন্টের দাম তিন কোটি টাকা। কিন্তু তাঁরা কর দেন না, কর শনাক্তকরণ নম্বরও (টিআইএন) নেন না। এই শহরের সুশীল সমাজসহ বিত্তশালীদের করের আওতায় আনতে হবে।’জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চমবারের মতো গতকাল ‘আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি’ স্লোগানে জাতীয় কর দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ এবং করদাতাদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর দিবসের মূল অনুষ্ঠানটি হয় অফিসার্স ক্লাব মিলনায়তনে। এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৯৫ জন সেরা করদাতা ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়। অন্য সিটি করপোরেশন ও জেলাসহ মোট ৩৬০ জনকে এ পুরস্কার দেওয়া হয়। নিজ নিজ বিভাগীয় কর অঞ্চলে আয়কর দিবসের অনুষ্ঠান করে তাঁদের পুরস্কৃত করা হয়েছে।ঢাকায় আয়োজিত কর দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম, এম এ কাদের সরকার প্রমুখ।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিপুলসংখ্যক মানুষের আয় বেড়েছে। তাদের ৮০ শতাংশের টিআইএন নেই।’ ভয়ভীতি না দেখালে মানুষ আইন মানে না উল্লেখ করে এ জন্য আয়কর আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, হলমার্কের মতো প্রতিষ্ঠান তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ তারা নাকি ঠিকভাবে কর দেয় না। মন্ত্রীর মতে, এত দিনে কর ফাঁকির একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এখন কর দেওয়ার সংস্কৃতি তৈরি করতে হবে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ওয়ান-ইলেভেনের পর একজন সাংসদ তাঁকে প্রশ্ন করেছিলেন, টিআইএন কী? যেখানে সাংসদদেরই আয়কর সম্পর্কে এমন ধারণা, সেখানে সচেতনতা আরও বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার সম্পদ আহরণে জোর দিচ্ছে। গ্রামের অনেক মানুষের এখন কর দেওয়ার সক্ষমতা আছে। এ জন্য করজাল বিস্তৃত করতে হবে। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, আরও করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ই-পেমেন্ট বা অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। আর সচেতনতা বাড়াতে ও হয়রানি কমাতে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। কর দিয়ে করদাতাদের দেশের উন্নতিতে অংশ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। সম্মাননাপ্রাপ্তদের প্রতিক্রিয়া: সম্মাননা পাওয়া ব্যক্তিরা হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে চান। এ জন্য এনবিআরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তাঁরা। গতকাল প্রথম আলোর সঙ্গে এমন কয়েকজন করদাতা তাঁদের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। ময়মনসিংহ জেলার অন্যতম সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন খন্দকার মাহবুব আলম। বিগত অর্থবছরে তিনি ৬২ লাখ টাকা আয়কর দিয়েছেন। তিনি বলেন, এভাবে পুরস্কৃত করা হলে অন্য করদাতারা আরও উৎসাহিত হবেন। এতে স্থানীয়ভাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মত দেন। তবে হয়রানি বন্ধ করার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।জামালপুর জেলার সম্মাননাপ্রাপ্ত করদাতা এ কে খন্দকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, একটি জেলাকে মডেল হিসেবে ধরে সেখানে সৎ কর্মকর্তাদের নিয়োগ করা হলে হয়রানি অনেক কমবে। এতে কর আহরণ আরও বাড়বে। গাজীপুর জেলার সম্মাননাপ্রাপ্ত আরেক করদাতা আমির হোসেন নূরানী বলেন, ‘টাকা দিলে অসৎ লোক সৎ হয়ে যায় (কালোটাকা সাদা করা)। এতে সৎ করদাতারা বঞ্চিত হচ্ছেন, ন্যায়বিচার পাচ্ছেন না।’ শোভাযাত্রা: এদিকে জাতীয় কর দিবস উপলক্ষে গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। শোভাযাত্রাটি সকালে এনবিআরের সেগুনবাগিচার কার্যালয় থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব ও বিজয়নগর হয়ে আবার রাজস্ব ভবনে ফিরে আসে। করমেলা আজ থেকে: আজ রোববার আয়কর মেলা-২০১২ শুরু হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহর আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলা শহরে আয়কর মেলা চলবে। এবারই প্রথমবারের সাতটি বিভাগীয় শহরের পাশাপাশি দেশের বড় ১৯টি জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ১২ বড় জেলা শহরে আয়কর মেলার আয়োজন করেছে আয়কর বিভাগ। জেলাগুলো হলো: ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, বগুড়া ও গাজীপুর। রাজধানী ঢাকার আয়কর মেলা অনুষ্ঠিত হবে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। করমেলায় করদাতাদের তাৎক্ষণিকভাবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদানসহ বার্ষিক আয়কর বিবরণীও প্রস্তুত করে দেওয়া হবে।