বিদায় রূপসী বাংলা, অপেক্ষা ইন্টারকন্টিনেন্টালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারের জন্য রূপসী বাংলা হোটেল গতকাল দুপুর ১২টায় আনুষ্ঠানিভাবে বন্ধ করে দেওয়া হয়। তার আগে হোটেল ত্যাগ করছেন অতিথিরা ষ প্রথম আলো
সংস্কারের জন্য রূপসী বাংলা হোটেল গতকাল দুপুর ১২টায় আনুষ্ঠানিভাবে বন্ধ করে দেওয়া হয়। তার আগে হোটেল ত্যাগ করছেন অতিথিরা ষ প্রথম আলো

রেজাউল করিম খোন্দকার। বর্তমানে একজন তৈরি পোশাক ব্যবসায়ী। সাউদার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কর্মজীবনের শুরুটা অবশ্য ছিল চাকরি দিয়ে। ১৯৭০ সালে মাত্র ১৬ বছর বয়সে খাদ্য ও পানীয় বিভাগের (এফঅ্যান্ডবি) কর্মকর্তা হিসেবে যোগ দেন তৎকালীন ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ হোটেলে, যা আজকের রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচতারকা হোটেল রূপসী বাংলায়। পরে এফঅ্যান্ডবি বিভাগ থেকে হিসাব বিভাগে স্থানান্তর হন। ’৭৫ সালের পর দুবাই ইন্টারকন্টিনেন্টালে বদলি হন। সেখান থেকে যুক্তরাজ্যে। এরপর চাকরি থেকে ইস্তফা দিয়ে দেশে ফিরে ১৯৮৩ সালে ব্যবসা শুরু করেন।
রূপসী বাংলা বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানার পর নিজের ফেলে আসা দিনেই যেন ফিরে গেলেন
রেজাউল করিম। আবেগ ধরে রাখতে পারলেন না। তাই হোটেলটি বন্ধ হয়ে যাওয়ার আগের রাতে স্ত্রী, ছেলেকে সঙ্গে নিয়ে রাত্রিযাপন করলেন রূপসী বাংলায়। গতকাল সোমবার সকালে হোটেল ত্যাগের আগে প্রথম আলোর সঙ্গে আলাপকালে যেন কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন। ক্ষণিকের জন্য ফিরে গেলেন ’৭০-এর দশকে। বললেন, চাকরিতে যোগ দেওয়ার এক বছরের মাথায় যুদ্ধ শুরু হয়ে গেল। হোটেলটির তখনকার মহাব্যবস্থাপক বাংলাদেশ ছেড়ে গেলেন। ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান এখনকার বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।
১৯৭৫ থেকে ২০১৪। মাঝে কেটেছে প্রায় ৩৯ বছর। তবুও যেন হোটেলটির সঙ্গে তাঁর বন্ধন কাটল না। আলাপকালে বললেন, ‘যখন শুনলাম ইন্টারকন্টিনেন্টাল আবার ফিরে আসছে, তখন বেশ খুশিই হলাম। তাদের এই ফিরে আসাকে স্বাগত জানাতেই পরিবার নিয়ে এক রাতের জন্য থাকতে চলে এলাম।’ পুরোনো এই সহকর্মীকে পেয়ে তাঁর কাছ থেকে পুরোনো দিনের কিছু কথা জানতে চাইলেন হোটেলটির বর্তমান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা।
রেজাউল করিমের মতো দেশি-বিদেশি অর্ধশতাধিক অতিথি রূপসী বাংলায় শেষ রাত কাটান। এঁদের মধ্যে তিনজন এসেছিলেন শুধু শেষ রাত্রি যাপনের জন্য। বাকিরা আগে থেকেই ছিলেন। গতকাল সকালে একে একে এসব অতিথি হোটেল ত্যাগ করেন। কিন্তু এবারের বিদায়টা যেন অন্য রকম। বিষাদময়। কষ্টের মলিনতা চেপে হাসিহাসি মুখ করে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা বিদায় জানালেন অতিথিদের। মুঠোফোনে হালের ‘সেলফি’-তে ধারণ করলেন বিদায়ের মুহূর্ত। সেই সঙ্গে বন্ধের দিনের চিত্র ধারণে আগে থেকে হোটেল এলাকায় অবস্থানকারী একদল আলোকচিত্রীর ক্যামেরায়ও ছবি হয়ে উঠল মুহূর্তগুলো।
দুপুর ১২টায় হোটেলের প্রবেশপথের ফটকে ঝুলিয়ে দেওয়া হলো বন্ধের নোটিশ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল ৪৮ বছরের পুরোনো এই হোটেলের। ইংরেজিতে লেখা ওই নোটিশের বক্তব্য বাংলা করলে দাঁড়ায়, ‘ব্যাপক সংস্কারকাজের জন্য হোটেলটি বন্ধ ঘোষণা করা হলো। সংস্কারকাজ শেষে ২০১৬ সালের জানুয়ারিতে ইন্টারকন্টিনেন্টাল নামে এটি পুনরায় চালু করা হবে।’
রূপসী বাংলার বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক সাহীদুস সাদিক জানালেন, রোববার শেষ দিনে হোটেলটি প্রায় ৩৫ লাখ টাকার ব্যবসা করেছে। যার মধ্যে ৩০ লাখ টাকা এসেছে খাবার বিক্রি করে।
সাদিক আরও জানান, শেষ দিনে হোটেলটির ২৭২টি অতিথি কক্ষের মধ্যে ৪২টিই পরিপূর্ণ ছিল। বিদেশি অতিথিদের মধ্যে একটি বড় দল ছিল মালয়েশিয়ার। রূপসী বাংলায় অনুষ্ঠিত মালয়েশিয়া শিক্ষা মেলায় অংশ নিতে এই দলটি বাংলাদেশে এসেছিল। তিন রাত অবস্থান শেষে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে তারা হোটেল ত্যাগ করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাইরের অবয়ব ঠিক রেখে ভেতরে খোলনলচে বদলে ফেলা হবে হোটেলটির। সেই সঙ্গে বদলে যাবে নামফলকও। ১৯৮৩ সালে ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে যাওয়া ‘ইন্টারকন্টিনেন্টাল’ আবারও ফিরে আসবে ব্যবস্থাপনায়।
এদিকে গত রোববার হোটেলের ৫৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসংক্রান্ত চুক্তি হয়েছে। তাই চাকরি হারানোর ভয় নেই এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে। তবু তাঁদের চোখেমুখে মলিনতার ছাপ দেখা গেল গতকাল।
জানা গেছে, সংস্কারশেষে হোটেলটির অতিথি কক্ষের সংখ্যা কমে দাঁড়াবে ২২৬টিতে। ২৮ বর্গমিটারের প্রতিটি কক্ষের আয়তন বেড়ে হবে ৪০ বর্গমিটার। এরই মধ্যে হোটেলের বিভিন্ন আসবাবপত্র নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১২ সালে হোটেলটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের চুক্তি হয়। এই চুক্তির আওতায় সংস্কারকাজ শুরু করা হচ্ছে। আর এই কাজের সমন্বয়ের দায়িত্ব পেয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইনপ্রজেক্ট।
জানা গেছে, হোটেলটির সংস্কারকাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। ব্যাংক ঋণের মাধ্যমে বিএসএল এই অর্থের সংস্থান করবে। দীর্ঘদিন ধরেই এই হোটেলটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে এটির প্রকৃত মুনাফা ছিল যথাক্রমে সাড়ে ৩৪ কোটি, ৪০ কোটি, সাড়ে ৪৬ কোটি ও ১৯ কোটি টাকার বেশি।