বিদেশ থেকে বিনা শুল্কে ২১ ইঞ্চি টিভি আনা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী শ্রমিক ও ভ্রমণকারীরা এখন থেকে দেশে ফেরার সময় ২১ ইঞ্চি পর্যন্ত একটি টেলিভিশন বিনা শুল্কে আনতে পারবেন। আগে এ জন্য সাড়ে ৭ হাজার টাকা কর দিতে হতো। আর বড় আকারের টিভি আনার ক্ষেত্রেও শুল্কের পরিমাণ কমানো হয়েছে।
যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬’তে এমন সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার দিনে গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিধিমালা জারি করেছে, যা ব্যাগেজ রুল নামে পরিচিত।
নতুন ব্যাগেজ রুলে বড় আকারের টেলিভিশনের ক্ষেত্রে শুল্ক হার ২২ থেকে ২৯ ইঞ্চির জন্য ১৫ হাজার থেকে কমিয়ে ৫ হাজার টাকা, ৩০ থেকে ৩৬ ইঞ্চিতে ২০ হাজার থেকে কমিয়ে ১০ হাজার টাকা, ৩৭ থেকে ৪২ ইঞ্চির জন্য ৩০ হাজার থেকে কমিয়ে ২০ হাজার টাকা, ৪৩ থেকে ৪৬ ইঞ্চিতে ৫০ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা, ৪৭ থেকে ৫২ ইঞ্চির জন্য ৭০ হাজার থেকে কমিয়ে ৫০ হাজার টাকা। আর ৫৩ ইঞ্চি থেকে বড় আকারের প্রতিটি টিভির ওপর শুল্ক ১ লাখ টাকা থেকে কমিয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে নতুন ব্যাগেজ রুলে। তবে একেকজন যাত্রী একটি করে টিভি আনতে পারবেন।
নতুন বিধিমালায় সোনা আনার পরিমাণও বাড়ানো হয়েছে। ফলে একজন যাত্রী ২৩৪ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারবেন। আগে এ পরিমাণ ছিল ২০০ গ্রাম পর্যন্ত। তবে প্রতি ভরিতে আগের মতো এখনো ৩ হাজার টাকাই কর দিতে হবে।
জানা গেছে, সোনার বারের ওজন একেকটি ১০০ থেকে ১১৭ গ্রাম হয় বলে দুটি বার আনতে গেলে ২৩৪ গ্রাম পর্যন্ত ওজন হয়। এ জন্য পরিমাণ বাড়ানো হয়েছে। একইভাবে এখন থেকে রুপার বারও ২৩৪ গ্রাম পর্যন্ত আনা যাবে।
১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না ও ২০০ গ্রাম পর্যন্ত রুপার গয়না (একেক প্রকার অলংকার ১২টির বেশি নয়) শুল্ক ছাড়াই নিয়ে আসতে পারবেন যাত্রীরা।
নতুন ব্যাগেজ রুলে শুল্ক ছাড়া দুটি মোবাইল ফোন আনার সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে ল্যাপটপ, ক্যামেরা, ওভেন, রাইস কুকার, প্রেশার কুকার, এক কার্টন সিগারেট (২০০ শলাকা), ১৯ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরসহ মোট ২৫টি পণ্য শুল্ক ও কর ছাড়া আনার সুযোগ রয়েছে।
এসব পণ্য বিনা কর ও শুল্কে একটি করে, আরেকটি কর ও শুল্ক পরিশোধ সাপেক্ষে এবং মোবাইল ফোন বিনা শুল্কে দুটি আর শুল্ক দিয়ে আর একটি আনা যাবে। এর বেশি নয়।
ব্যাগেজ রুলে বলা হয়েছে, বিদেশি পাসপোর্টধারীরা এক লিটার পর্যন্ত মদ শুল্ক ও কর ছাড়া নিয়ে আসতে পারবেন। কোনো বাংলাদেশি বিদেশে মৃত্যুবরণ করলে তাঁর ব্যাগেজ শুল্ক ও কর থেকে অব্যাহতি পাবে।