বিদেশ থেকে সরাসরি অর্থ আসবে মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে দেশে থাকা স্বজনদের কাছে সরাসরি মুঠোফোনের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী-আয় পাঠাতে পারবেন। প্রবাসী-আয়ের ওই অর্থ প্রাপকের মুঠোফোনের বিকাশ অ্যাকাউন্ট বা হিসাবে জমা হবে।
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, ওয়েস্টার্ন ইউনিয়ন, মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স পাঠানোর নতুন এ সেবা চালু করেছে। আন্তর্জাতিক মোবাইল মানি ট্রান্সফার নামে গতকাল রোববার সেবাটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সেবায় লেনদেন প্রক্রিয়া হবে এ রকম—ধরা যাক, সৌদি আরবে অবস্থানকারী একজন প্রবাসী বাংলাদেশে তাঁর স্ত্রীর কাছে অর্থ পাঠাবেন। এ জন্য তাঁকে প্রথমে ওয়েস্টার্ন ইউনিয়নের নির্ধারিত এজেন্টের কাছে গিয়ে একটি ফরমে তাঁর স্ত্রীর (প্রাপক) নাম ও ঠিকানা লিখে পূরণ করতে হবে। তারপর নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিলে ওই এজেন্ট ওয়েস্টার্ন ইউনিয়নের রেফারেন্স নম্বর (এমটিসিএন) বা অর্থ লেনদেনের একটি নির্দিষ্ট নম্বর প্রবাসীকে দেবেন। তখন তিনি সেই নম্বরটি দেশে থাকা স্ত্রীর কাছে পাঠাবেন। এরপর স্ত্রী অর্থাৎ রেমিট্যান্স প্রাপককে মুঠোফোনে নিজের বিকাশ অ্যাকাউন্ট বা হিসাব দেখতে হবে। তাঁকে বিকাশ মেনুতে গিয়ে ‘রেমিট্যান্স ওয়েস্টার্ন ইউনিয়ন’ নির্বাচিত করে ওয়েস্টার্ন ইউনিয়নের এমটিসিএন ও টাকার পরিমাণ উল্লেখ করে বিকাশ পিন চাপতে হবে। এরপর মাস্টারকার্ডের লেনদেন প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপকের হিসাবে জমা হবে।
পুরো প্রক্রিয়ায় প্রেরককে (প্রবাসী) ওয়েস্টার্ন ইউনিয়নের নির্ধারিত ফি জমা দিতে হবে। তবে প্রাপককে কোনো অর্থ খরচ করতে হবে না।
বিশ্বের দুই শতাধিক দেশে পাঁচ লাখের বেশি সরাসরি এজেন্ট ছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক হিসাব ব্যবহার করে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে মাস্টারকার্ড অর্থ লেনদেনের প্ল্যাটফর্ম হিসেবে বিকাশ, ব্র্যাক ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নকে সংযুক্ত করার কাজটি করবে।
সেবাটির আওতায় লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। একটি একক লেনদেনে একজন বিকাশ গ্রাহক সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাবেন। আর এক দিনে মোট পাঁচবার লেনদেন করা যাবে, যার সর্বোচ্চ পরিমাণ হবে ১ লাখ ১৫ হাজার টাকা। আর মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে। এ ক্ষেত্রে বিকাশ হিসাবে সর্বোচ্চ জমা (স্থিতি) রাখা যাবে ১ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে মুঠোফোনভিত্তিক এই রেমিট্যান্স সেবা চালু করা হয়েছে। এ সেবায় ‘ওভারসিজ ফান্ড ফ্লো’ বা বিদেশ থেকে অর্থ লেনদেনের প্রক্রিয়াটি সম্পন্ন করবে ব্র্যাক ব্যাংক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মতে, দেশে অর্থ পাঠানো প্রবাসীদের জন্য এখন আরও সহজ হলো। তিনি বলেন, ‘অর্থ লেনদেনের এ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট বিনিয়োগ করা হয়েছে বলে মনে করি।’
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, এ সেবা চালুর ফলে বিকাশ গ্রাহকেরা সরাসরি তাঁদের হিসাবে বিদেশ থেকে স্বজনদের পাঠানো অর্থ দিন-রাত ২৪ ঘণ্টাই গ্রহণ করতে পারবেন। এটি দেশে-বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য একটি বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাস্টারকার্ডের গ্লোবাল প্রোডাক্টস অ্যান্ড সলিউশনসের গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার, ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ ফারাহ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসেইন প্রমুখ।