বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১২ হাজার ডলার
এখন থেকে কোনো ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক বিনিময়সংক্রান্ত ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে।
এর আগে বছরে সর্বোচ্চ সাত হাজার ডলার পর্যন্ত ভ্রমণ খাতে ব্যয় করা যেত। আর ব্যবসায়ীদের জন্য ভ্রমণ খাতে ব্যয়ের সুযোগ ছিল ১০ হাজার ডলার। আর এই দফায় হঠাৎ তা বাড়িয়ে সাধারণ ব্যক্তির ক্ষেত্রেই ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ তৈরি করা হলো।
সূত্র জানায়, মূলত নগদ ডলার বেশি নেওয়ার সুযোগ তৈরির একটা উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ছিল। বলা হচ্ছিল, নগদ ডলার তিন হাজার নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। বাকি চার হাজার ডলারের সমপরিমাণ অন্য মুদ্রা যেমন—ইউরো বা অন্য কোনো মুদ্রা নিতে হবে।
কিন্তু শেষ পর্যন্ত ১২ হাজার ডলার পর্যন্ত বছরে ভ্রমণ খাতে ব্যয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে তিন হাজার মার্কিন ডলার আর বাকি অর্থ অন্য কোনো বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে। আগে সাত হাজারের মধ্যে নগদে দুই হাজার ডলার ও বাকিটা অন্য মুদ্রায় নেওয়া যেত।
এই দফায় সার্কভুক্ত দেশ ও মিয়ানমারে ভ্রমণের জন্যও ব্যয়সীমা বাড়ানো হয়েছে। এই এলাকায় ভ্রমণে বছরে পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচ করা যাবে। আর অন্য দেশগুলোর জন্য ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে সাত হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এর আগে সার্কভুক্ত ও মিয়ানমারে ভ্রমণের জন্য দুই হাজার ও অন্যান্য দেশের জন্য পাঁচ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করা যেত।