আফরিনা সিডনি যাবেন আগস্ট মাসের শেষে৷ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে৷ সিঙ্গাপুর এয়ারলাইনসের চেয়ে ভাড়া কম হবে বলে মালয়েশিয়ান এয়ারলাইনসের টিকিট কাটার কথা ভাবছেন৷
তবে হাতে সময় আছে দেখে তাড়াহুড়ো নেই৷ আবার জুলাই মাসে হাতে কিছু টাকাও আসবে৷ তাই ট্র্যাভেল এজেন্টকে জানিয়েছেন, কমমূল্যের টিকিটের খোঁজ রাখতে৷ আর যদি কোনো প্রমোশনাল ফেয়ার পাওয়া যায়, তাহলে তো কথাই নেই৷ জুলাই মাসে সুবিধামতো টিকিট কেটে ফেলতে৷
কিন্তু দুদিন আগে ট্র্যাভেল এজেন্সি থেকে ফোন করে জানাল যে এই মাসের মধ্যেই টিকিট কেটে ফেললে ভালো৷ তা না হলে একটু বেশি ট্যাক্স বা কর দিতে হবে৷
আসলে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বিদেশভ্রমণের ওপর কর বাড়ানো হয়েছে৷ ফলে আকাশপথে ভ্রমণ করলে ২০ থেকে ৩০ শতাংশ বেশি কর দিতে হবে। ভ্রমণ করের অর্থ বিমান টিকিট কাটার সময়ে কেটে রাখে বিমান সংস্থাগুলো। পরে ওই বিমান সংস্থা সরকারের কোষাগারে ভ্রমণ করের টাকা জমা দেয়। তাই ভ্রমণ কর বৃদ্ধি করায় টিকিটের দামও বাড়বে। দেশি-বিদেশি সব যাত্রীর ক্ষেত্রে নতুন ভ্রমণ কর প্রযোজ্য হবে।
আগামী জুলাই মাস থেকে এই নতুন হার কার্যকর করা হবে। প্রস্তাব অনুযায়ী, আকাশপথে সার্কভুক্ত দেশভ্রমণে একজন যাত্রীকে এক হাজার ২০০ টাকা করে ভ্রমণ কর দিতে হবে। এখন এক হাজার টাকা ভ্রমণ কর দেন যাত্রীরা। ফলে আগের চেয়ে যাত্রীপ্রতি ২০০ টাকা খরচ বাড়বে।
একইভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দূরপ্রাচ্যের দেশেগুলোয় ভ্রমণ করলে কর দিতে হবে চার হাজার টাকা। আগে এর পরিমাণ ছিল তিন হাজার টাকা। এসব দেশে যেতে হলে যাত্রীদের এক হাজার টাকা করে বাড়তি গুনতে হবে।
এগুলো ছাড়া অন্য কোনো দেশে যেতে হলে ভ্রমণ কর আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
আবার আকাশপথের মতো স্থল ও জলপথেও ভ্রমণ কর বাড়ানো হয়েছে। স্থলপথে যাত্রীপ্রতি ২০০ টাকা বাড়িয়ে ভ্রমণ কর ৫০০ টাকা করা হয়েছে। এখন ৩০০ টাকা দিতে হয়। উল্লেখ্য, ভারত ছাড়া স্থলপথে বাংলাদেশ থেকে সরাসরি অন্য কোনো দেশে যাওয়া যায় না।
প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ স্থলপথে বিশেষ করে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে আসা-যাওয়া করেন। এ ছাড়া বুড়িমারী, আখাউড়া ও তামাবিল সীমান্ত দিয়েও মানুষ পারাপার বাড়ছে। আগামী জুলাই মাস থেকে এসব ভারতমুখী যাত্রীদের ভ্রমণ কর দিতে হবে ৫০০ টাকা।
তবে জলপথে বাংলাদেশ থেকে সাধারণভাবে অন্য কোনো দেশে, যাওয়ার সুযোগ নেই। অবশ্য টেকনাফ সীমান্ত দিয়ে নাফ নদী পেরিয়ে মিয়ানমার যাওয়ার সুযোগ রয়েছে। এই পথে যারা মিয়ানমার যাবেন, তাঁদের ৮০০ টাকা করে ভ্রমণ কর দিতে হবে। তবে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে আসা-যাওয়ার প্রবণতা নেই বললেই চলে।