
বিদেশি অংশীদারদের চাপেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
ইসলামী ব্যাংকে হঠাৎ পরিবর্তনকে কীভাবে দেখছেন জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথমে বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। পর মুহূর্তেই আবার বলেন, ‘আমাকে এটা আগে দেখতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে। শিগগির আমি কথা বলব। তবে যা হয়েছে আমার কাছে ভালোই মনে হচ্ছে।’ ইসলামী ব্যাংকের অন্যতম বিদেশি অংশীদার ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), জেদ্দা—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আইডিবির প্রেসিডেন্ট তাঁদের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দুই বছর আগেই তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন। তারপর থেকেই এটা নজরদারির মধ্যে ছিল।
শুধু দেশি নয়, বিদেশি অংশীদারদের মধ্যেও পরিবর্তন এসেছে বলে জানান মুহিত। বলেন, ‘নতুন বিদেশি অংশীদার এসেছে। তাদের চাপেই অনেক কিছু হয়েছে। মালিকানায় পরিবর্তন আসায় এখন তারা থাকবে।’ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হঠাৎ পদত্যাগ করেন। একই দিন এসব পদে নতুন লোক নিয়োগ দেওয়া হয়।
বড় ধরনের এ পরিবর্তনে ব্যাংকের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, প্রভাব পড়বে না। ইসলামী ব্যাংক ব্যবসায়ের দিক থেকে দেশের এক নম্বর ব্যাংক। আমার কাছে তথ্য হচ্ছে গ্রাহকদের তারা ভালো সেবা দেয়। তবে আগে থেকেই কিছু প্রশ্ন ছিল যে ব্যাংকটির মুনাফার টাকা কোথায়, কোথায় যায় এবং কীভাবে এগুলো ব্যবহার করা হয়।’ অনেকেই সন্দেহ করছেন ইসলামী ব্যাংক একটি দেশীয় ব্যবসায়ী গ্রুপের দখলে চলে যাচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথমে বলেন, ‘না, কোনো ব্যবসায়ী গ্রুপের হাতে চলে যাচ্ছে না।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ব্যবসায়ী গ্রুপের হাতে চলে যাচ্ছে? আমি জানি না। বলতে পারি না। এখনো বলতে পারি না যে কোন কোন গ্রুপ ইসলামী ব্যাংকের মধ্যে জড়িত আছে।’
ব্যাংকটির ব্যবস্থাপনার শীর্ষ পদেও পরিবর্তন আসবে কি না জানতে চাইলে মুহিত বলেন, ‘আমি জানি না। তবে সাধারণ জ্ঞান বলে যে ব্যাংকের চেয়ারম্যান ও এমডির বদল হলে ব্যবস্থাপনায়ও বড় পরিবর্তন আসার কথা।’