বিদেশি উদ্যোক্তারা বিমা কোম্পানির ৬০ শতাংশের মালিক হতে পারবেন
বিদেশি কোনো বিমা কোম্পানি বাংলাদেশে লাইসেন্স নিতে চাইলে উদ্যোক্তারা সর্বোচ্চ ৬০ শতাংশ শেয়ারের মালিক হতে পারবেন। বাকি ৪০ শতাংশ শেয়ারের মালিক হবেন বাংলাদেশি উদ্যোক্তারা। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মঙ্গলবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।বিমা আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। আইনের ওই ধারায় বলা হয়েছে, ‘বিদেশি উদ্যোক্তা, বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে বিমা কোম্পানির শেয়ার ক্রয় বা ধারণ করতে পারবে এবং তৎকর্তৃক শেয়ার ধারণ সরকার কর্তৃক ধার্যকৃত সর্বোচ্চ সীমার অতিরিক্ত হবে না।’উল্লেখ্য, ভারতে কোনো বিদেশি বিমা কোম্পানি ৪৯ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। ভারতীয় ও জাপানি দুই বিমা কোম্পানির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বর্তমান আইন অনুযায়ী, সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা, যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। বাকি ৪০ শতাংশ জনসাধারণের জন্য উন্মুক্ত। জীবন বিমা কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা, যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। বাকি ৪০ শতাংশ উন্মুক্ত জনসাধারণের জন্য।যোগাযোগ করলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, বিদেশি বিমা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে এমন প্রজ্ঞাপন জারি হয়েছে বলে তিনি মনে করছেন। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।তবে এতে বিদেশিদের একটু বেশি সুবিধা দেওয়া হয়ে গেছে বলে মনে করেন বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বিবেচনায় রাখা দরকার যে একবার সুবিধা দিয়ে দিলে পরে আর কমানো যায় না, যার প্রত্যক্ষ উদাহরণ মেটলাইফ অ্যালিকো। কোনো বিনিয়োগ ছাড়াই এই কোম্পানি শতভাগ বিদেশি মালিকানাধীন।’