বিদেশি ঋণ থেকে দ্রুত বেরিয়ে আসার তাগিদ
বিদেশি ঋণ নেওয়ার ফলে বিভিন্ন জাতীয় উন্নয়ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে সরকারের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। তাই দ্রুত বিদেশি ঋণ থেকে বাংলাদেশের সরে আসা উচিত। দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল ‘বাংলাদেশের ঋণ পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এ সেমিনারের আয়োজন করে। সুপ্রর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের প্রতিনিধি মাত্তি কোহেনেন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের উচিত, বিদেশি ঋণের অর্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যবহার করা। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির অর্থনীতি বিভাগের শিক্ষক রিয়াদ চৌধুরী বলেন, সরকারের বৈদেশিক অনুদাননীতি থাকা উচিত। এই ঋণ কারা, কীভাবে ব্যবহার করছে তার ওপরই নির্ভর করে এর সুফল।কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিয়া ওয়ারিস বলেন, করপোরেট কর ঠিকমতো আদায় করা গেলে বৈদেশিক ঋণ ছাড়াই বাংলাদেশের জাতীয় বাজেট সম্ভব। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাপি নেটওয়ার্কের মহিউদ্দিন আহমেদ, সুপ্রর চেয়ারপারসন আবদুল আউয়াল ও সহসভাপতি এস এম হারুন-অর-রশিদ এবং সিবিজিএর (ভারত) গবেষণা কর্মকর্তা শঙ্খনাদ বন্দ্যোপাধ্যায়।