বিদেশি ঋণে চাল আমদানির সুযোগ ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন এ প্রক্রিয়ায় ৯০ দিন পর ঋণ পরিশোধের সুযোগ থাকবে, সুদের হার ৬%
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন এ প্রক্রিয়ায় ৯০ দিন পর ঋণ পরিশোধের সুযোগ থাকবে, সুদের হার ৬%

সরবরাহ বাড়িয়ে দাম কমানোর জন্য এবার বিদেশি ঋণে চাল আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চাল আমদানি করা যাবে বাকিতে। বিদেশ থেকে ঋণ নিয়ে দায় শোধ করা যাবে ৯০ দিনের মধ্যে। এর জন্য সুদের হার পড়বে সর্বোচ্চ ৬ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে বিদেশ থেকে চাল আনতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগামীকাল শনিবার থেকেই ব্যবসায়ীরা এই সুযোগ পাবেন। এর আগে গত জুনে শূন্য মার্জিনে, অর্থাৎ নগদ টাকা ছাড়াই চাল আমদানির ঋণপত্র খোলার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সম্প্রতি চাল আমদানির শুল্ক ও কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে সরকার।

দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার এবার নিজে আমদানি শুরু করেছে। পাশাপাশি বেসরকারি খাতে আমদানিকে উৎসাহিত করা হচ্ছে। গত বছরের এই সময়ে ঢাকার বাজারে মোটা চালের দাম ছিল ৩২-৩৪ টাকা, যা সম্প্রতি ৪৬ টাকায় উঠেছিল। আমদানি শুরু হওয়ায় মোটা চালের দাম ৫ টাকা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেরিতে পরিশোধের শর্তে বর্তমানে মূলধনী যন্ত্রপাতি, শিল্পের ব্যবহারিক কাঁচামাল, সারসহ কিছু পণ্য আমদানির সুযোগ রয়েছে। গুরুত্ব বিবেচনায় চাল আমদানির ক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হলো। তবে বিদেশি ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে চাল আমদানি করা যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনায় চাল আমদানি আরও সহজ হবে। আগের নির্দেশনা অনুযায়ী, শূন্য মার্জিনে ঋণপত্র খুলতে পারছে ব্যাংকগুলো। আর এখন বাকিতে তথা তিন মাস পর্যন্ত কোনো অর্থ ছাড়াই চাল আমদানি করা যাবে। চাল, ডাল, মরিচ, লবণ প্রভৃতি পণ্য আমদানির বিপরীতে রপ্তানিকারকদের নগদে অর্থ পরিশোধ করতে হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সম্প্রতি চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমদানি উৎসাহিত করতে এই শর্তে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে বছরে প্রায় সাড়ে ৩ কোটি টন চাল উৎপাদিত হয়। যার মধ্যে ১ কোটি ৯০ লাখ টন আসে বোরো থেকে। এবার বোরো মৌসুমে হাওরের ধান নষ্ট হয়ে যায়, যা চালের দাম বৃদ্ধিতে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাজারে চাহিদার কারণে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসেই ৪ লাখ ৩৭ হাজার টন চাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯০ হাজার টন চাল আমদানির ঋণপত্র খোলা হয়েছিল। আর এই সময়ে দেশে প্রবেশ করেছে ১ লাখ ৮৮ হাজার টন চাল।