বিদেশি কোম্পানির ওপর জোরালো নিরীক্ষা দাবি
বহুজাতিক কোম্পানিগুলোর ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সরাসরি জোরালো নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপের (ইকুইটিবিডি) নেতৃত্বে ১৪টি সুশীল সমাজ সংগঠন।
ঢাকায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এতে ইকুইটিবিডির রেজাউল করিম চৌধুরী, আহসানুল করিম ও মোস্তফা কামাল আকন্দ এবং ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউটের মনওয়ার মুস্তাফা বক্তব্য দেন।
এতে যোগ দেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে অনলাইন নলেজ সোসাইটি, আলো, উদয়ন বাংলাদেশ, ডোক্যাপ, প্রাণ, পাস, প্রাকৃতজন, ভয়েস, সংশপ্তক ও হিউম্যানিটি ওয়াচ।
সংবাদ সম্মেলনে বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ও মূলধন পাচারে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বহুজাতিক কোম্পানির কর ফাঁকি দেওয়ার বিষয়টি জাতিসংঘ ও জি-২০ পর্যায়ে উত্থাপন, অন্যান্য দেশের সঙ্গে কর স্বচ্ছতা চুক্তি সম্পাদন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
মনওয়ার মুস্তাফা বলেন, বহুজাতিক কোম্পানির কর ফাঁকি রোধ শুধু এককভাবে এনবিআরের বিষয় নয়। রাজনীতিবিদদেরও এ নিয়ে ভাবতে হবে। তিনি আরও বলেন, বহুজাতিক কোম্পানির মূলধন পাচারের ঘটনা ঘটে অবমূল্যায়নকৃত অর্থ স্থানান্তরের মাধ্যমে। বিজ্ঞপ্তি।