চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে তৈরি পোশাকের বিদেশি ক্রেতা প্রতিনিধিরা উদ্বেগ জানিয়েছেন। তাঁরা শিগগিরই সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন²হবে। তাতে রপ্তানিকাজ কমে যেতে পারে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার বিকেলে বায়ারস ফোরামের মাসিক বৈঠকে এসব কথা বলেন বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এতে ক্রেতা প্রতিনিধি ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ এবং ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদেশি ক্রেতা প্রতিনিধিরা যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন, সেটি নিশ্চিত করেন বৈঠকে উপস্থিত বিজিএমইএর একাধিক নেতা। তাঁরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি কত দিন চলবে, সেটিও জানতে চান প্রতিনিধিরা। তবে বাণিজ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন। বৈঠকে এইচঅ্যান্ডএম, গ্যাপ, টেসকো, কেরিফোর, সিঅ্যান্ডএ, ওয়ালমার্টসহ বিদেশি ৬৫ ক্রেতাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন। তবে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ক্রেতা প্রতিনিধিরা বলেছেন, কোনোভাবেই পণ্য সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত করা যাবে না। ক্রেতাদের গাড়ি যাতে পুলিশ রিকুজিশন না করে, সে বিষয়টি উল্লেখ করেছেন তাঁরা। তিনি বলেন, পুলিশ ও বিজিবির পাহারায় পণ্য পরিবহন করা যাচ্ছে। তবে ক্রেতা প্রতিনিধিরা স্বাভাবিক যে পরিবেশ চান, সেটি কিন্তু এখনো হয়নি।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে শহিদুল্লাহ আজিম বলেন, ক্রেতারা একটি বাক্য বৈঠকে বারবার উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে ‘বিক্রয়কেন্দ্রের শেলফ খালি থাকবে না’। এই বাক্য দিয়ে তাঁরা বুঝিয়েছেন কোনোভাবেই সরবরাহব্যবস্থা বিঘ্নিত করা যাবে না। আর এ রকম দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা অব্যাহত থাকলে বাধ্য হয়েই ক্রেতারা বিকল্প গন্তব্যে পোশাক তৈরির কাজ দিতে শুরু করবেন।
অন্যদিকে তোফায়েল আহমেদ বলেন, সরকারের একজন মন্ত্রী হিসেবে তাঁর কাছে ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এ দেশে ব্যবসা করছেন। ভবিষ্যতেও তাঁরা এটি অব্যাহত রাখতে চান। এখন পর্যন্ত তাঁদের সামান্য ক্ষতি হয়েছে। তাঁরা যে পণ্য ক্রয় করেন, ভবিষ্যতে সেটি যাতে যথাযথভাবে হয়, সে বিষয়টি জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি ক্রেতা প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেছি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঐক্যবদ্ধভাবে পণ্য পরিবহন স্বাভাবিক রেখেছেন। যেভাবে সহিংসতা শুরু হয়েছিল, এখন সেটি নেই। আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে। আমি বৈঠকে তাৎক্ষণিকভাবে পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করে বলেছেন, সামনের দিনগুলো আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারব।’ বাণিজ্যমন্ত্রী দাবি করে বলেন, ক্রেতা প্রতিনিধিরা বলেছেন, তাঁদের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে না। তবে পরিবহন খরচ কিছুটা বেড়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান অবস্থা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। অবরোধের নামে আসলে নাশকতা ও জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। আজকে যে হরতাল দিল, কিন্তু তার পরও রাস্তায় যানজট।
চলমান অস্থিরতায় তৈরি পোশাকের ক্রয়াদেশ ৩০ শতাংশ কমছে বলে বিজিএমইএ সম্প্রতি দাবি করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রয়াদেশ কমেনি।
এদিকে চলমান হরতাল-অবরোধের কারণে পোশাক কারখানার মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এখন পর্যন্ত ৯২ লাখ ৯২ হাজার মার্কিন ডলারের পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এর সঙ্গে মূল্যছাড়, উড়োজাহাজে পণ্য পাঠানো, জাহাজীকরণে বিলম্ব ও নাশকতার ক্ষতি যোগ করে লোকসান ১ কোটি ৯০ লাখ ডলার, দেশি মুদ্রায় যা প্রায় ১৪৮ কোটি টাকার সমান। বিজিএমইএর কার্যালয়ে গত শনিবার পর্যন্ত এই ক্ষতির হিসাব পাঠিয়েছে ২৩টি পোশাক কারখানা।