বিদেশি খাত খুলে দিতে ঝুঁকি মোকাবিলায় চাই সমন্বিত পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক খাত উন্মুক্তকরণের ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। এ জন্য দেশগুলোর পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে ‘বৈদেশিক খাত উন্মুক্তকরণ ব্যবস্থাপনা’ বিষয়ে সার্ক ফাইন্যান্স সেমিনারে এসব কথা বলা হয়। 

প্রধান অতিথি হিসেবে সকালে সেমিনার উদ্বোধনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাইরে পুঁজি পাঠানো জরুরি হয়ে পড়েছে। কিন্তু কোনো এক দেশের মূলধন, আমদানি-রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ বা যে কাঠামোতে বহিঃপ্রবাহ হোক না কেন, এ ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি কোনো একক দেশের পক্ষে মোকাবিলা সম্ভব নয়। এ জন্যই এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ ও বোঝাপড়া দরকার।

বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী বক্তব্য দেন।

সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, মূলধনের অন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের বিষয়ে দক্ষিণ এশিয়ার অর্থনীতিসমূহের উন্মুক্ততা বা উদারীকরণের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। উন্মুক্ততার ঝুঁকি ঠিকমতো মোকাবিলা করতে ব্যর্থ হলে লাভের চেয়ে লোকসান হওয়ার আশঙ্কা বেশি। খবর বাসসের।