বিদেশি চ্যানেলগুলো রাজস্ব বোর্ডের নজরদারিতে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি স্যাটেলাইট চ্যানেল প্রদর্শনে সঠিকভাবে কর আদায় হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদেশি চ্যানেল এ দেশে প্রদর্শনের বিভিন্ন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক দিতে হয়। এখন এই মূসক ও সম্পূরক শুল্ক যথাযথ আদায়ের বিষয়টি নজরদারিতে আনা হবে।
গতকাল বুধবার এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সাংবাদিকদের তাঁর কার্যালয়ে এসব কথা জানান। এর আগে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে এনবিআরের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘বিদেশি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে আমরা খুবই কম কর পাই। বিদেশি চ্যানেলের জন্য এয়ারটাইম বা তরঙ্গ নেওয়ার সময় মাশুল দিতে হয়। সেই মাশুলের ওপর মূসক প্রযোজ্য রয়েছে। এ ছাড়া কেব্ল অপারেটরদের ওপর মূসক রয়েছে। এসব কর সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
বর্তমানে বিদেশি চ্যানেল প্রদর্শনকারীকে (ডিস্ট্রিবিউটর) মাশুলের ওপর ২৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ১৫ শতাংশ মূসক দিতে হয়। মালিকানা স্বত্বের বিপরীতে বিদেশি চ্যানেল মালিককে অর্থ প্রদানের সময় আরও ১৫ শতাংশ মূসক দিতে হয়। আবার কেব্ল অপারেটরকেও সেবার ওপর ১৫ শতাংশ মূসক দিতে হয়।
আবার বাংলাদেশি প্রতিষ্ঠান বিদেশি চ্যানেলে তাদের পণ্যের বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনের মূল্য কীভাবে পরিশোধ করা হয়, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সেলকে (সিআইসি) দায়িত্ব দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, কোনো ধরনের মানি লন্ডারিং হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সভায় অ্যাটকোর নেতারা টিভি চ্যানেল মালিকদের প্রদর্শিত বিজ্ঞাপনের ওপর মূসক থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। বিদেশি চ্যানেলে প্রদর্শিত বিজ্ঞাপনের ওপর এ দেশে কোনো কর দিতে হয় না উল্লেখ করে তাঁরা এই খাতটিকে করের আওতায় আনার সুপারিশ করেন। এ ছাড়া করপোরেট কর কমানোর দাবিও জানান তাঁরা।
সভা সূত্রে জানা গেছে, টিভি চ্যানেলের জন্য সংগতিপূর্ণ কর কাঠামো নির্ধারণে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দুজন এনবিআরের প্রতিনিধি আর দুজন টিভি চ্যানেল মালিক। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে তাঁদের প্রতিবেদন জমার সময় বেঁধে দেওয়া হয়েছে।
সভায় মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।