দেশের তৈরি পোশাক কারখানাগুলোর অগ্নিনিরাপত্তা এখন আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর থেকে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন তাঁরা। চাপ দিচ্ছেন নিরাপত্তা বাড়ানোর।এই অবস্থায় দেশের তৈরি পোশাক কারখানাগুলো এবং এতে কর্মরত শ্রমিকদের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষার জন্য ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নামের একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার কর্মসূচির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।অনুষ্ঠানে বিদেশি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়ারস ফোরামের পক্ষে বক্তব্য দিতে গিয়ে ক্রেতা প্রতিষ্ঠান জেসিপেনির কমপ্লায়েন্স বিভাগের প্রধান জেনিফা কে জব্বার বলেন, বিশ্বের বিভিন্ন নামী ব্র্যান্ডের জন্য যেসব বিদেশি ক্রেতা তৈরি পোশাক কেনেন, তাঁদের জন্য বাংলাদেশ খুবই লোভনীয় জায়গা। কিন্তু ক্রেতাদের দুশ্চিন্তার বড় কারণ হলো অগ্নিকাণ্ড।জেনিফা জব্বার ভবন নির্মাণের অনুমোদন ও ফায়ার লাইসেন্স দেওয়ার সময় কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিজিএমইএর ক্র্যাশ প্রোগ্রামের সমন্বয়ক আতিকুল ইসলাম জানান, এ কর্মসূচি বায়ারস ফোরামের চাপে নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, ক্র্যাশ প্রোগ্রামের আওতায় আগামী ছয় মাস বিজিএমইএর সব সদস্য তৈরি পোশাক কারখানার মধ্যম পর্যায়ের কর্মীদের আগুন প্রতিরোধসহ নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি মাসে ১৫ দিন এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে বিজিএমইএর কার্যালয়ে। প্রতিদিন ৪০টি কারখানার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর এখান থেকে প্রশিক্ষণ নেওয়া কর্মীরা কারখানার অন্য কর্মীদের প্রশিক্ষণ দেবেন। এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।১৯৯৭ সালেও অগ্নিপ্রতিরোধক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিল বিজিএমইএ। তবে কিছুদিন চলার পরই উদ্যোগটি থেমে যায়।কর্মসূচির উদ্বোধনকালে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, এখনো আবাসিক এলাকায় অনেক কারখানা রয়েছে। সেখানে আগুন লাগলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। কারখানায় পর্যাপ্ত পানি মজুদ রাখা এবং গুদাম কারখানার বাইরে স্থাপন করতে আহ্বান জানান শ্রমমন্ত্রী।বাংলাদেশ স্থপতি সমিতির সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘আমরা চাইলেই আগুনের ক্ষতি অনেক কমিয়ে আনতে পারি। এ জন্য ভবন নির্মাণের বিধি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আর সচেতনতা বাড়াতে হবে।’শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘কারখানার মালিকদের মানসিকতা পরিবর্তন করতে হবে। গেট বন্ধ রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক আবু নাঈদ মো. শহীদুল্লাহ পরিসংখ্যান তুলে ধরে বলেন, কারখানাগুলোর অবকাঠামো অবস্থা আরও উন্নত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্বকালে বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এত দিন ক্রেতাদের চাপে আমরা কমপ্লায়েন্স করেছি। সময় এসেছে নিজেদের তাগিদে ব্যবসার প্রয়োজনেই কমপ্লায়েন্স করার। নিজেদের মধ্যে এ সংস্কৃতি গড়ে তুলতে হবে। নতুবা আমরা এই জায়গায় থাকতে পারব না।’অনুষ্ঠানে শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম ও শ্রমিকনেতা লিমা ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।