বিদেশি বিনিয়োগ বাড়াতে পৃথক বাজার গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে পৃথক বাজার গঠন করতে হবে। একই সঙ্গে স্বনামধন্য বহুজাতিক কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার ব্যাপারে উত্সাহিত করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একটি কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই কমিটির পক্ষ থেকে কমিশনের কাছে এসব সুপারিশ করা হয়েছে।গত বছরের ২৭ ডিসেম্বর কমিশনের ৪৬২তম সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির সদস্যরা হলেন কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মাহবুবুল আলম। কমিটি গত ১৫ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত ১৪টি সুপারিশ কমিশনে জমা দেয়।এদিকে আজ মঙ্গলবার কমিশনের ৪৭২তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কমিশনের আলোচনা সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত হয়।বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোকে (পোর্টফোলিও ম্যানেজার) বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা প্রদানের তথ্য জানানো; বিদেশি বিনিয়োগকারীদের পেশাগত তথ্যসেবা ও অনলাইনে সঠিক তথ্য প্রদানে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের পৃথক গবেষণা বিভাগ গঠন; বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্ড মার্কেট, এসএমই মার্কেট, ইসলামিক মার্কেট ও ডেরিভেটিভ মার্কেটের মতো পৃথক বাজার গঠন; তালিকাভুক্ত নয় এমন বন্ড, অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ, ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসাবে গণ্য করা; বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকসহ রপ্তানিমুখী স্থানীয় ও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও যৌথ মালিকানাধীন কোম্পানিগুলোকে (ইপিজেডের কোম্পানিসহ) শেয়ারবাজারে তালিকাভুক্তির ব্যাপারে উত্সাহিত করা; সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে বিদেশি ফান্ড (তহবিল) ও বিদেশি পেনশন ফান্ড ব্যবস্থাপনা করার অনুমতি প্রদান; মার্চেন্ট ব্যাংকার, স্টক ব্রোকার ও স্টক এক্সচেঞ্জগুলোকে ফাইন্যান্সিয়াল এডুকেশন বিভাগ গঠন; নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ কোটা প্রদান; কমিশন, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার ও তালিকাভুক্ত সব কোম্পানির ওয়েবসাইটে বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত হালনাগাদ তথ্য সংবলিত নির্দিষ্ট জায়গা (কর্না) থাকতে হবে, যেখানে অনাবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা পরামর্শ ও অভিযোগ দিতে পারবে প্রভৃতি।