বিদেশি বিনিয়োগের সম্ভাবনা অনেক সমস্যাও কিছু আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে গত বছর বাংলাদেশে ৩৪ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে। যা বাংলাদেশে আসা মোট এফডিআইয়ের মাত্র ২১ শতাংশ।
অথচ ইইউ সদস্য দেশের প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ করার প্রচুর সম্ভাবনা আছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা খসড়া দলিল অনুযায়ী, আগামী পাঁচ বছরে যোগাযোগ খাতে দেড় লাখ কোটি টাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাড়ে নয় লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে। শুধু অভ্যন্তরীণ উৎস থেকে এই বিনিয়োগ সম্ভব নয়। প্রয়োজন বিদেশি বিনিয়োগের। অন্যদিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হলে বিনিয়োগের হার ২৭-২৯ থেকে বাড়িয়ে ৩২ শতাংশে নিতে হবে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি বক্তারা রাজনৈতিক অস্থিরতা, সরকারের নীতি পরিবর্তন, গ্যাসের পর্যাপ্ততা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবসহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন।
মতিঝিলের স্বাধীনতা ভবনে ইবিএল ক্যাপাসিটি এনহেন্সমেন্ট সেন্টারে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার। উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
কর্মশালায় বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন ও প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল চৌধুরী। তাঁরা বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন মানসম্মত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তাদের খেলাপি হওয়ার নজির নেই। তাই বাংলাদেশের সম্ভাবনাকে কাজ লাগাতে ইইউর বহুজাতিক ব্যাংক ও এজেন্সি এখানকার ব্যাংগুলোর মাধ্যমে বিনিয়োগে আসতে পারে।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, ইইউভুক্ত দেশের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তবে রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ বিষয়ে সরকারের ঘন ঘন নীতি পরিবর্তন ও কোম্পানি আইন পুরোপুরি পরিপালন না হওয়াই সমস্যা।