
ভারত ঔপনিবেশিক আমলে স্থাপিত জরাজীর্ণ রেলপথের সার্বিক সংস্কারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নেবে। মোদি সরকার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে এই পদক্ষেপ নিচ্ছে।
রেলপথমন্ত্রী সদানন্দ গৌড়া গত মঙ্গলবার তাঁর সরকারের প্রথম রেল বাজেটে এমন পরিকল্পনা ঘোষণা করেন। সে অনুযায়ী দেশটির ভারতের মান্ধাতা আমলের রেলপথ সংস্কারে আগামী পাঁচ বছরে প্রয়োজন অন্তত নয় হাজার ৩০০ কোটি মার্কিন ডলার; যা বাংলাদেশের সাত লাখ ৪৪ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। আধুনিক ভারতীয় অর্থনীতির চাহিদা মেটাতে বিদ্যমান রেল ট্র্যাক, সেতু, সিগন্যাল ও সংযোগ ব্যবস্থাপনার উন্নয়নে এই পরিমাণ অর্থ দরকার।
২০১৩-১৪ অর্থবছরের রেল বাজেটে একই সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আহমেদাবাদসহ বড় শহরগুলোর মধ্যে দ্রুতগতির আন্তনগর রেলসংযোগ চালু করার কথাও বলা হয়েছে। এ রকম একেকটি আন্তনগর রেলযোগাযোগ চালু করতে খরচ পড়বে প্রায় এক হাজার কোটি ডলার।
ভারতীয় রেলওয়ে যোগাযোগব্যবস্থা বিশ্বের তৃতীয় বৃহত্তম। দেশটিতে দৈনিক ১৯ হাজার ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মাধ্যমে প্রতিদিন দুই কোটি ৩০ লাখ যাত্রী ও ২৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন মালামাল পরিবহন হয়। আর সরকার পরিচালিত এ সংস্থায় ১৩ লাখ জনবল থাকলেও এটি যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি।
ভারতীয় রেলওয়ের আয়ের প্রায় ৯৪ শতাংশই ব্যয় করা হয় পরিচালন ও সামাজিক দায়বদ্ধতার খরচ মেটাতে। যে কারণে বাকি মাত্র ৬ শতাংশ অর্থ দিয়ে রেলের অবকাঠামো উন্নয়ন বা আধুনিকায়নে বেশি কাজ আর করা সম্ভব হয় না। ভারতের মোট এক লাখ ৩০ হাজার রেলসেতুর মধ্যে ২৫ শতাংশই ১০০ বছরের বেশি পুরোনো।
রেলপথমন্ত্রী সদানন্দ গৌড়া বাজেট বক্তৃতায় বলেন, প্রাথমিকভাবে সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে রেল খাতের উন্নয়ন করতে চায় সরকার। এ ক্ষেত্রে স্টেশনগুলোর সংস্কার ও নতুন বুলেট ট্রেন চালুর বিষয়ে জোর দেওয়া হবে।
তবে রেল খাতের অবকাঠামো উন্নয়নে এফডিআই নিতে হলে মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে বলে জানান গৌড়া। কারণ, আগে এই খাতে বিদেশি বিনিয়োগ নেওয়ার অনুমোদন ছিল না।
এদিকে অবকাঠামো বিশেষজ্ঞরা বেসরকারি অংশীদারি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে এজন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কার ত্বরান্বিত করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
ভারতে অতীতে রেল খাতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারী ও উচ্চপদস্থ সরকারি আমলাদের মধ্যকার দ্বন্দ্বের কারণে বেসরকারি বিনিয়োগ নেওয়ার উদ্যোগগুলো ব্যর্থ হয়।
এ সম্পর্কে রেলওয়ের আধুনিকায়নবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সাবেক সদস্য ও আহমেদাবাদভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) অধ্যাপক জি রঘুরাম বলেন, বেসরকারি বিনিয়োগ পাওয়ার ব্যাপারে রেলওয়ে অতীতে বন্ধুসুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসেনি।
ওই বিশেষজ্ঞ কমিটির আরেক সদস্য ও ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্সি ফিডব্যাকের প্রতিষ্ঠাতা বিনায়ক চ্যাটার্জি বলেন, ‘যদি রেল খাতের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা না থাকে, তাহলে আমার পরামর্শ হবে যে সরকারি-বেসরকারি অংশীদারির পথে হাঁটবেন না। কারণ, এতে বিপর্যয় অনিবার্য।’
ভারতের সরকারগুলো ঐতিহ্যগতভাবেই রেলওয়ের যাত্রীভাড়ার হার নিম্ন পর্যায়েই রেখে আসছে, যাতে তা সবার নাগালে থাকে। এর বিপরীতে অবশ্য পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে, যা প্রতিবেশী চীনের চেয়ে দ্বিগুণ। যে কারণে ভারতে বর্তমানে পণ্য পরিবহনের মাত্র ৩০ শতাংশ হয়ে থাকে রেলপথে, যা ৩০ বছর আগে ছিল ৮০ শতাংশ।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস