প্রাক–বাজেট ২০১৪–১৫: ইআরএফের সঙ্গে অর্থমন্ত্রীর অালোচনা
বিদেশি বিনিয়োগকারীরা ফিরে আসছেন: মুহিত

বিদেশি বিনিয়োগকারীরা এখন ব্যাপকভাবে ফিরে আসছেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে তিন মাস ধরে তাঁরা আসছেন। এর আগে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে তাঁরা এ দেশে বিনিয়োগ করা থেকে দূরে ছিলেন। তবে দেশি বিনিয়োগকারীদের মধ্যে এখনো অনীহা রয়েছে।
গতকাল শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনবির৷
সভায় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার নয় যে কেন দেশি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগের সুযোগ নিচ্ছেন না, যদিও তাঁরা (দেশি বিনিয়োগকারী) মালয়েশিয়া, দুবাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার পাশাপাশি অন্য খাতে বিনিয়োগ করছেন।’
অবশ্য বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে দেশে ১১৪ কোটি ৬০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম৷
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগ হচ্ছে না—অর্থনৈতিক প্রতিবেদকদের এমন অভিমতের সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা কম-বেশি সব জায়গায় রয়েছে। তবু সেখানে বিনিয়োগ হচ্ছে।
বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব প্রসঙ্গে মুহিত বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো বাজার। তিনি বলেন, ‘এখনো স্থানীয় পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমার কাছে পরিষ্কার নয় যে কেন স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না।’
বিনিয়োগের জন্য জমি একটি বড় সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘জমি সমস্যার সমাধানে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে। যদি জমি দেওয়া সম্ভব হয়, আশা করি বিনিয়োগের সমস্যার সমাধান হবে। বিনিয়োগ পরিস্থিতি বদলে যাবে।’ তিনি জানান, জমি অধিগ্রহণ নিশ্চিত করতে ইিতমধ্যে সাতটি জায়গা চিহ্নিত করা হয়েছে।
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসছে বলে মনে করেন মুহিত। তিনি জানান, শেয়ারবাজারের মাধ্যমে বিনিয়োগ আনাই সরকারের প্রাথমিক লক্ষ্য। আর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার কাজ চলছে উল্লেখ করে মুহিত বলেন, ‘এটা ঝুলে আছে। এটা নিষ্পন্ন করা হবে। আমরা কাজ শুরু করেছি।’
ব্যাংকসুদের হার কমানো প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, সুদের হার বাজারই নির্ধারণ করে থাকে। তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী উচ্চ সুদহারের অভিযোগ করেন, কিন্তু তাঁরা যখন তাঁর ব্যাংকের পরিচালনা পর্ষদে বসেন, তখন এটা ভুলে যান ।’
অর্থমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে কালোটাকা সাদা করার নতুন কোনো সুযোগ থাকবে না। এই সিদ্ধান্তের কোনো পরিবর্তনও হবে না। অতীতে এই সুযোগ দেওয়া হলেও কোনো কাজে আসেনি বলে তিনি মনে করেন। তবে আইন মোতাবেক জরিমানা সাপেক্ষে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের যে সুযোগ আছে, সেটি বহাল থাকবে।
সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে তেমন অগ্রগতি হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমার একটা পরিকল্পনা আছে। কেরানীগঞ্জ ও মাওয়ার মাঝে কোনো এক জায়গায় একটি বিশাল সম্মেলন কেন্দ্র নির্মাণ করব। এ ছাড়া পিপিপির আওতায় বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের মধ্যে একটি সংযোগ সড়কও নির্মাণ করব।’
আলোচনায় উপস্থিত ছিলেন অর্থসচিব ফজলে কবীর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, পরিকল্পনাসচিব সফিকুল ইসলাম ভুঁইয়া, ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাবেক সভাপতি খাজা মাঈনুদ্দিন প্রমুখ।