বিদেশি বিনিয়োগ আনতে আগ্রাসী বিপণন লাগবে

বাংলাদেশে ব্যবসা করা ১১০ বছরের পুরোনো কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) প্রথম দেশীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেহজাদ মুনিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক শেষ করে ১৯৯৭ সালে যোগ দেওয়ার ১৬ বছরের মাথায় বহুজাতিক এই কোম্পানির বাংলাদেশ অংশের এমডি হিসেবে দায়িত্ব নেন। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন বিএটিবির এই শীর্ষ নির্বাহী। রাজধানীর মহাখালীতে বিএটিবির প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় করোনাকালের ব্যবসা, বিদেশি বিনিয়োগ প্রতিবন্ধকতা, রপ্তানি বাণিজ্য, ভবিষ্যতের সম্ভাবনাসহ নানা বিষয়ে কথা বলেন শেহজাদ মুনিম। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) প্রথম দেশীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেহজাদ মুনিম
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

প্রথম আলো: করোনা মহামারির কঠিন সময় ব্যবসা টিকিয়ে রাখতে আপনারা কী ধরনের কৌশল নিয়েছিলেন?

শেহজাদ মুনিম: এমডি হিসেবে আমি সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। তার মধ্যে চলতি বছরটাই সবচেয়ে কঠিন। আমাদের মনে হয়েছিল, কোম্পানির আয় ও মুনাফার ঊর্ধ্বে উঠে বিশেষ কিছু করতে হবে। হয় ব্যবসা বন্ধ করব অথবা চালাব। করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। তার ওপর ব্যবসা বন্ধ করে দিলে আরেকটি সমস্যা তৈরি হবে। সেটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমরা পরিচালনা পর্ষদের সঙ্গে পরামর্শ করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সুরক্ষা নিশ্চিতেও ব্যাপক জোর দিলাম। কর্মীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। তখন তারাও সাহস পেল। উৎপাদন, বিক্রি ও কাঁচামাল কেনা ছাড়া অন্য কাজের সঙ্গে জড়িত কর্মীরা বাড়িতে বসে অফিস করেছেন। তবে আমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিনই কারখানায় এসেছি।

প্রশ্ন :

করোনার কারণে কোন ধরনের ব্যবসায়ীরা বেশি বিপদে পড়েছেন? সরকারের প্রণোদনা প্যাকেজের সুফল কতটা পাওয়া গেল?

শেহজাদ মুনিম: বড় ব্যবসা উতরে যাবে। ছোটদের মধ্যে ক্ষতিগ্রস্তরা সহজে বন্ধ বা অন্য ব্যবসায় স্থানান্তর করতে পারবে। মাঝারি ব্যবসাগুলো বেশি সমস্যায় পড়বে। ইতিমধ্যে পড়েছেও। ঋণ পরিশোধের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। যখন ঋণের কিস্তি দিতে হবে তখনই মূল সমস্যায় পড়বে মাঝারি উদ্যোক্তারা। মাঝারি উদ্যোক্তাদের একটা সহায়তা লাগবে। তাদের বাঁচিয়ে না রাখা গেলে অনেক মানুষ কর্মসংস্থান হারাবে। তখন বড় কোম্পানিও পরোক্ষভাবে বিপদে পড়বে।

প্রশ্ন :

নানামুখী উদ্যোগের পর বিদেশি বিনিয়োগ তো প্রত্যাশা অনুযায়ী আসছে না।

শেহজাদ মুনিম: আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখি। অবশ্যই নতুন বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। সে জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কাজ করছে। হয়তো তারা কিছুটা পিছিয়ে আছে। তবে বাংলাদেশে যেসব বহুজাতিক কোম্পানি রয়েছে তাদের ব্যবসা সম্প্রসারণে আগে মনোযোগ দিতে হবে। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) যা আছে, তার একটা বড় অংশই পুরোনো কোম্পানির পুনর্বিনিয়োগ। তাহলে তাদের বিনিয়োগ বাড়াতে কেন উদ্যোগ নেবেন না? তার সঙ্গে নতুনদের আনার পরিকল্পনা করতে হবে। যারা আছে তারা যদি ব্যবসা সম্প্রসারণ না করে তাহলে নতুনেরা চিন্তা করবে, তারা কেন বাংলাদেশে আসবে।

প্রশ্ন :

বিদেশি বিনিয়োগ টানতে কোন তিনটি কাজ প্রথম করতে হবে?

শেহজাদ মুনিম: প্রথমত, বাংলাদেশের ভাবমূর্তি ঠিক করতে হবে। বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে সেভাবে জানেই না। দ্বিতীয়ত, টার্গেট করতে হবে কোন দেশ থেকে বিনিয়োগকারী আনবেন। তৃতীয়ত, সেই দেশে গিয়ে বিনিয়োগকারী আকর্ষণে আগ্রাসী বিপণন করতে হবে। আমাদের তিনটি খাতকে অগ্রাধিকার দিয়ে এগোতে হবে। বিনিয়োগকারীকে বলতে হবে, আপনাকে এই এই সুবিধা আমরা দিচ্ছি। আমাদের নীতিমালায় অনেক সুযোগ-সুবিধাই দেওয়া রয়েছে। নতুন করে প্রণোদনা দিতে হবে, তা না। আসলে আমাদের যোগাযোগটা সেভাবে নেই। সে জন্য ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাতে হবে। বিদেশের প্রতিনিধিদলকেও আমন্ত্রণ দিয়ে আনতে হবে।

প্রশ্ন :

ব্যবসার খরচ বেশি হওয়াটা তো বড় প্রতিবন্ধকতা...

শেহজাদ মুনিম: অবশ্যই বাধা। তবে বাধা কাটিয়ে সঠিক ও দক্ষ পরিচালনার মাধ্যমে মুনাফার সুযোগও আছে। এ ক্ষেত্রে ভিয়েতনাম একটা ভালো উদাহরণ। আমাদের পর স্বাধীন হয়েছে। তাদের দেশেও দুর্নীতি রয়েছে। সেখানে ভালো মুনাফা হয় বলেই বিনিয়োগকারী যাচ্ছে। তাদের দক্ষ মানবসম্পদের অভাব থাকলেও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা রয়েছে। অন্যদিকে প্রতিবন্ধকতা থাকলেও তার সমাধান আমরা খুঁজে বের করছি না।

প্রশ্ন :

রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কোথায় জোর দেওয়া দরকার?

শেহজাদ মুনিম: আসল কথা হচ্ছে, পণ্য উৎপাদনের দক্ষতা কতটা ওপরে নিতে পারেন আপনি। দক্ষতা বাড়াতে পারলেই আন্তর্জাতিক বাজারের জন্য যোগ্য প্রতিযোগী হয়ে উঠবেন। আমি যখন এমডির দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের কারখানাটির পারফরম্যান্স ছিল মাঝারি মানের। উজবেকিস্তান থেকেও মেশিন অপারেটর এসে আমাদের প্রশিক্ষণ দিয়ে গেছে। আমরা কেন পারব না? লেগে পড়লাম। বর্তমানে আমাদের এখানকার মেশিন অপারেটর সিঙ্গাপুর, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে গিয়ে প্রশিক্ষণ দিয়ে এসেছে। আরেকটি উদাহরণ দিই। লোকসানের কারণে সরকারি পাটকল বন্ধ করতে হলো। অন্যদিকে আকিজ গ্রুপ পাটে ভালো ব্যবসা করছে। নতুন একটি পাটকল প্রতিষ্ঠান কিনেছে তারা। আসলে যে ভালো করার, সে ভালো করছে। মোদ্দা কথা হচ্ছে, কারখানায় প্রশিক্ষণ ও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদনের প্রক্রিয়া শেখাতে হবে। প্রযুক্তি ও যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে হয়েছে। তাহলেই সুফল মিলবে।

প্রশ্ন :

তথ্যপ্রযুক্তি খাতে অনেক বিনিয়োগ হলেও বড় সাফল্য কেন আসছে না?

শেহজাদ মুনিম: বিনিয়োগে কোনো সমস্যা নেই। মার্কেটিবিলিটির সমস্যা। দক্ষ লোকজন থাকলেও তাদের বড় অংশই নিম্ন পর্যায়ের কাজ করছে। প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোও সংগঠিত না। এমন দু–একটি বড় বিদেশি আইসিটি কোম্পানিকে আনতে হবে, যারা আমাদের তথ্যপ্রযুক্তি খাতের লোকজন সেটিকে কেন্দ্র করেন নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। ভিয়েতনামে যেমন স্যামসাংকে কেন্দ্র করে একটি বিপ্লব ঘটেছে, তেমন কিছু করতে হবে।

প্রশ্ন :

নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলবেন?

শেহজাদ মুনিম: নতুন কিছু না করে অনুকরণ করলে সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই প্রথমে সমস্যা আর গ্যাপ (ফাঁক) খুঁজে বের করতে হবে। কারণ, অনেক সমস্যার মধ্যেই ভালো ব্যবসার সম্ভাবনা থাকে।

প্রশ্ন :

বহুজাতিক কোম্পানি হিসেবে বিএটিবি অনেক ধরনের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কর্মকাণ্ড করছে। ভবিষ্যতে নতুন পরিকল্পনা কী রয়েছে।

শেহজাদ মুনিম: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনেক দিন ধরে আমরা তিনটি কাজ করছি। ৪০ বছর ধরে আমরা কুষ্টিয়া, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ১১ কোটি গাছ লাগিয়েছি। বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গত ১২ বছরে ১০২টি আর্সেনিক প্ল্যান্ট করেছি আমরা। পার্বত্য চট্টগ্রামে গত ১০ বছরে পঞ্চাশের বেশি গ্রামের ২ হাজার ৬০০ বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছি। কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানোর জন্য প্রেরণা নামে একটা ফাউন্ডেশন করেছি। এসডিজির লক্ষ্য অর্জনে ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী মানুষ, নারীর ক্ষমতায়ন ও জনশক্তির দক্ষতা বৃদ্ধি করতে কাজ হবে।

প্রশ্ন :

প্রথম আলো: বহুজাতিক কোম্পানির শীর্ষ পদে বাংলাদেশিরা বসতে শুরু করেছেন। এই জায়গা পৌঁছাতে তরুণদের জন্য আপনার পরামর্শ কী?

শেহজাদ মুনিম: কঠোর পরিশ্রম করতে হবে। লেগে থাকতে হবে। এমন গৎবাঁধা কথা আমি বলতে চাই না। প্রথম কথা হচ্ছে, দেশপ্রেম লাগবে। নিজের প্রতি আস্থা লাগবে। অন্যের সঙ্গে পার্থক্য তৈরি করার মতো স্বকীয়তা থাকতে হবে। আমি যখন নিউজিল্যান্ডে কাজ করছিলাম তখন একদিন এমডি লিফটে জিজ্ঞেস করলেন, ‘কেমন লাগছে।’ বললাম, ‘ভালো।’ প্রত্যুত্তরে তিনি বললেন, ‘বেশি ভালো না লাগে যেন। তাতে আবার যেতে চাইতে না পারো।’ আমি উত্তর দিলাম, ‘আমার পূর্বপুরুষেরা যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমি সেখানেই ফেরত যাব।’ তো বরাবরই আমার মধ্যে জেদ ছিল, আমি বাংলাদেশে কাজ করব। এই জেদ জিনিসটাও থাকতে হবে।