বিদেশি বিনিয়োগ আনতে সক্রিয় হয়ে উঠেছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির মূল ধারার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি নিয়ে এখন গভীরভাবে চিন্তা করছে উত্তর কোরিয়া। এরই অংশ হিসেবে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।ইতিমধ্যে মিসরভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ওরাসকম তাদের থ্রি-জি প্রযুক্তিসেবা সুবিধার আওতায় পাঁচ বছরের মধ্যে আরও প্রায় ১০ লাখ গ্রাহককে অন্তর্ভুক্ত করবে। ইতিমধ্যে ওরাসকমের উত্তর কোরিয়ার সহযোগী প্রতিষ্ঠান কোরিওলিংক তাদের কার্যক্রমের প্রথম বছরে গ্রাহকসংখ্যা এক লাখে নিয়ে গেছে।কোরিওলিংকের ৭৫ শতাংশ অংশীদার হলো ওরাসকম। বাকিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোরিয়া পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস করপোরেশনের।ইতিমধ্যে উত্তর কোরিয়া সরকার ২০১২ সালের মধ্যে ‘সমৃদ্ধ ও শক্তিশালী জাতি’ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য নিয়েছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ তার অন্যতম উপায় বলে মনে করা হচ্ছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, প্রায় আড়াই কোটি জনসংখ্যা-অধ্যুষিত দেশটি মূলত পারমাণবিক কর্মসূচির কারণে যে কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে, তার নেতিবাচক প্রভাব কাটানোর চেষ্টা হিসেবে এখন বিদেশি বিনিয়োগের দিকে ঝুঁকেছে।গত মাসে উত্তর কোরীয় নেতা কিম জং ইলের নির্দেশে বিদেশি বিনিয়োগকারীদের উত্সাহিত করার জন্য উন্নয়ন ব্যাংক স্থাপন করা হয়েছে।এ ছাড়া কোরিয়া তায়েপুং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপ ব্যাংকের জন্য বিদেশি তহবিল সংগ্রহের কাজ করবে। এই সংস্থাটির উপপ্রধান একজন কোরীয়-চীনা ব্যবসায়ী ইতিমধ্যে বলেছেন যে চীন থেকে অর্থায়নের চেষ্টা করা হবে।লন্ডনভিত্তিক আর্থিক পরামর্শদানকারী প্রতিষ্ঠান কোরিও এশিয়ার নির্বাহী চেয়ারম্যান কোলিন ম্যাকঅ্যাসকিল জানিয়েছেন, কোরীয় সরকার তাঁকে সে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে। সূত্র: এফটি