বিদেশি বিনিয়োগ ও অবকাঠামোর সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দা বাংলাদেশের মতো গরিব দেশগুলোর কিছু সংকটকে সহজ করে দিয়েছে। বিষয়টা এরকম যে, মন্দার দোহাই পেড়ে ওই সব সংকটে অভ্যন্তরীণ নীতি বা সমস্যার দুর্বলতাগুলো কিছুটা ছাপিয়ে রাখা যায়। সন্দেহ নেই, মন্দার নেতিবাচক প্রভাব বিভিন্নভাবে বাংলাদেশকে আক্রান্ত করেছে। কিন্তু উল্টোভাবেও বিবেচনা করার সুযোগ আছে যে মন্দা না থাকলে পরিস্থিতি কতটা ভালো হতো।হালে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১০’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্বমন্দার নেতিবাচক প্রভাবে ২০০৯ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগপ্রবাহ আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ কমে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে যেখানে বাংলাদেশে ১০৮ কোটি ৬০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০০৯ সালে এসেছে ৭১ কোটি ৬০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আর এই সময়কালে বাংলাদেশ থেকে যথাক্রমে ৯০ লাখ ও দেড় কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেরিয়ে গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ২০১০ সালের প্রথম পাঁচ মাসে দেশে ৪২ কোটি ৪০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি বিনিয়োগপ্রাপ্তির অবস্থা সূচকে বাংলাদেশের অবস্থান নেমে গেছে। ২০০৭ সালের ১৩০তম অবস্থান থেকে ২০০৮ সালে ১১৫তম অবস্থানে উঠে আসার পর ২০০৯ সালে বাংলাদেশ নেমে গেছে ১২১তম অবস্থানে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগপ্রবাহ বাংলাদেশের অর্থনৈতিক নীতি বিতর্কে বড় ধরনের ঝড় তুলেছিল ২০০৩ থেকে ২০০৬ সময়কালে—বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শাসনামলে। বিনিয়োগ বোর্ডের তৎকালীন নির্বাহী চেয়ারম্যান এই বিনিয়োগের তথ্য-উপাত্ত নিয়ে এমন হইচই শুরু করেছিলেন যেন মনে হয়েছিল, বিদেশি বিনিয়োগের তোড়ে দেশ বুঝি ভেসে যাচ্ছে। আর এই তথ্য-উপাত্ত নিয়েই দেশের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের সঙ্গে তর্কবিতর্ক রেষারেষিতে পরিণত হয়। বিনিয়োগ বোর্ডের ওই নির্বাহী চেয়ারম্যান গবেষণা প্রতিষ্ঠানটিকে একপর্যায়ে প্রকাশ্যে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেন। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছিল। গণমাধ্যমেও পুরো বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা প্রকাশিত হয়। গোলমালটার মূলে ছিল বিদেশি বিনিয়োগসংক্রান্ত তথ্য-উপাত্তের গরমিল। বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যের সারণিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে তথ্য দেওয়া হয়েছিল, তার সঙ্গে বিনিয়োগ বোর্ডের তথ্য কোনোভাবেই মিলছিল না। আবার আঙ্কটাডের প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ থাকলেও সেখানেও গরমিল দেখা দেয়। তাই কোনটি সঠিক তথ্য, তা নিয়ে যৌক্তিক কারণেই প্রশ্ন ওঠে। একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক অবশ্য লেনদেনের ভারসাম্য সারণিতে বিদেশি বিনিয়োগের হিসাব পদ্ধতি সংশোধন করে। অর্ধবার্ষিক জরিপ পরিচালনা করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য হালনাগাদ করা হতে থাকে। ফলে তথ্যের বিভ্রান্তিও কমে আসে। বিনিয়োগ বোর্ডও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ব্যবহার শুরু করে। অবশ্য আঙ্কটাড প্রতিবেদনে পঞ্জিকা বছরের ভিত্তিতে উপাত্ত ব্যবহূত হওয়ায় অর্থবছরের সঙ্গে তুলনায় সমস্যা রয়েছে। তার পরও বলা যেতে পারে, এখন আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের তথ্য-উপাত্ত নিয়ে তেমন কোনো বিভ্রান্তির অবকাশ নেই। আর তাই বাংলাদেশে গত বছর বিদেশি বিনিয়োগ কমে গেছে—এই সত্য নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তবে কেন বিনিয়োগ কমল, তা পর্যালোচনা করার প্রয়োজন আছে বৈকি। শুধু বিশ্বমন্দার প্রভাবেই বিনিয়োগ কমে গেছে, এমনটা বিনা বাক্যব্যয়ে মেনে নেওয়া যৌক্তিক হবে না। যদিও এই ভেবে সন্তুষ্টি পাওয়া যেতে পারে যে প্রতিবেশি ভারতেও প্রত্যক্ষ বিদেশিপ্রবাহ এই সময় ব্যাপকভাবে কমে গেছে। আঙ্কটাড প্রতিবেদন অনুসারে, ২০০৮ সালে ভারতে চার হাজার কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, যেখানে ২০০৯ সালে এসেছে তিন হাজার ৪৬১ কোটি ডলারের বিনিয়োগ। আবার চীনে ২০০৮ সালে যেখানে ১০ হজার ৮১৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, তা ২০০৯ সালে কমে দাঁড়িয়েছে সাড়ে নয় হাজার কোটি ডলারে। চীন বা ভারতের সঙ্গে এই তুলনা করে আত্মতুষ্টির কোনো মানে নেই। বিশ্বমন্দার মধ্যেও কেউ কেউ সুযোগ সৃষ্টি করতে পেরেছে ও তা কাজে লাগিয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিঙ্গাপুরের কথা। ২০০৮ সালে যেখানে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল এক হাজার ৯১ কোটি ডলার, সেখানে ২০০৯ সালে তা বেড়ে হয়েছে এক হাজার ৬৮০ কোটি ডলার। অথচ একই সময়ে প্রতিবেশি মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগ এই সময়কালে ৭৩১ কোটি ডলার থেকে কমে ১২৮ কোটি ডলারে নেমে এসেছে। সিঙ্গাপুরের এই বিনিয়োগ বাড়ার বিষয়ে প্রতিবেশি মালয়েশিয়ায় এখন একটা গল্প ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ারই একজন বড় শিল্পোদ্যোক্তা কুয়ালালামপুরের একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তাঁর প্রতিষ্ঠানটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা ভাবছেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার দুই দিন পর সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের দুজন কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁরা মালয়ী ওই ব্যবসায়ীকে সিঙ্গাপুরের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তাব দেন। বিস্মিত মালয়ী ব্যবসায়ী প্রত্যুত্তরে জানান, তিনি এখনই শেয়ারবাজারে যাবেন, এমন কোনো সিদ্ধান্ত নেননি। তবে বিষয়টি নিয়ে তিনি গুরুত্বসহকারে ভাবছেন। তাঁর বিস্ময় আরও বেড়েছে, যখন তিনি দেখলেন, মালয়েশিয়া থেকে কেউ এ বিষয়ে কথা বলার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। এই গল্প থেকে একটা বিষয় বোঝা যায় যে বিনিয়োগ আনার জন্য গতিময় তৎপরতা প্রয়োজন। আর এই তৎপরতা তখনই অর্থবহ হবে, যখন বিনিয়োগ অনুকূল পরিবেশ-পরিস্থিতি-অবকাঠামো ও আইনকানুন দেশে বিরাজ করবে।তাহলে বাংলাদেশে কি বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিস্থিতি নেই? আইনকানুন যা আছে, তা বিনিয়োগ আকর্ষণ করার জন্য অপ্রতুল নয়। কিন্তু অবকাঠামোর বড় ধরনের সংকট চলছে। দেশীয় ব্যবসায়ী-উদ্যোক্তারাই এখন হিমশিম খাচ্ছেন গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির সংকটে। তাঁরাই বড় ধরনের বিনিয়োগে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না। এই কঠিন বাস্তব চিত্রটি বিদেশি বিনিয়োগকারীদের কাছেও লুক্কায়িত নেই। ফলে তাঁরাও তেমন একটা এগিয়ে আসতে উৎসাহিত হচ্ছেন না। বিশেষ করে শিল্প-কারখানায় বিনিয়োগের ক্ষেত্রে। বিস্ময়কর ব্যাপার হলো, আঙ্কটাড প্রতিবেদন প্রকাশকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ একটু ভিন্ন কথা বললেন। তাঁর মতে, গ্যাস-বিদ্যুতের সংকট নয়, বরং আমলাতান্ত্রিক জটিলতায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টি তো সর্বজনজ্ঞাত। তাই বলে গ্যাস-বিদ্যুতের সংকটকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই। বরং এটাই বাস্তবতা। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান যদি গ্যাস-বিদ্যুতের সংকটকে খাটো করে দেখতে চান, তাহলে তাঁর পক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াস অসম্পূর্ণই থেকে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে পুঁজি খাটাতে আসবে প্রাপ্তিযোগের আসায়, মুনাফা তুলে নেওয়ার প্রত্যাশায়। আর তাঁদের বিনিয়োগের মাধ্যমে সৃষ্ট কাজের সুযোগ ও উৎপাদন থেকে বাংলাদেশকে তার নিজের সুফলটা আদায় করে নিতে হবে। এ-দুয়ের মধ্যে ভারসাম্য রেখে কোন কোন খাতে আমরা বিদেশি বিনিয়োগ চাই, তা সঠিকভাবে নির্ধারণ করা জরুরি। ঢালাওভাবে বিদেশি বিনিয়োগ চাইলেই হবে না। আমাদের বিনিয়োগ নীতির একটা ঘাটতি কিন্তু রয়ে গেছে। আর তাই ঢাকঢোল পিটিয়ে বিনিয়োগে আহ্বান করা হলেও সুনির্দিষ্ট ও সুপরিকল্পিতভাবে বিনিয়োগ আকর্ষণের তেমন উদ্যোগ নেই। আর তা না থাকায় বিনিয়োগের মৌলিক শর্তগুলো নিরবচ্ছিন্নভাবে পূরণের ক্ষেত্রে আমাদের সরকার ও নীতিনির্ধারকদের ঔদাসীন্য দেখা দিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগের জন্য অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ থেকে জ্বালানি সরবরাহ সবই নির্ভর করে পর্যাপ্ত অবকাঠামোর ওপর। দেশের ভেতর ভৌত যোগাযোগ-ব্যবস্থা প্রায় পুরোটাই করে রাখা হয়েছে সড়কপথনির্ভর ও বহুলাংশে অপরিকল্পিত। নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থাকে। অথচ রেলপথের সংস্কার ও উন্নয়ন ভৌত অবকাঠামোর অগ্রগতির ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ হতে পারে। দুই সমুদ্র বন্দরগুলোর সঙ্গে প্রধান প্রধান নৌবন্দরগুলোর নৌ ও রেলপথে ভালো যোগাযোগ না থাকায় দেশের ভেতর পণ্য পরিবহনে ব্যয় অনেক বাড়িয়ে দিচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, সড়কপথে যানজট বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। অন্যদিকে, জ্বালানির অপ্রতুলতা শিল্প-কারখানাগুলোকে সচল রাখার পথে বিরাট প্রতিবন্ধক তৈরি করেছে। জেনারেটর ও ক্ষুদ্র প্লান্টের উৎপাদিত বিদ্যুৎ সাময়িকভাবে কাজ চালিয়ে নিতে পারলেও কোনোভাবেই তা টেকসই নয়। বাংলাদেশ যদি টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়, তাহলে অবকাঠামো উন্নয়নের দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর কোনো বিকল্প নেই।