বিদেশি বিনিয়োগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) ধীরে ধীরে বাড়ছে। সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) এ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৭১ কোটি ৭০ লাখ টাকা। এটি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ উপাত্ত।আবার ২০১২ সালের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৭০ কোটি টাকা। এর বিপরীতে একই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ২৬৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। সেই হিসাবে বছরের প্রথম ছয় মাসে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০৭ কোটি টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ষাণ্মাসিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১১ সালে শেয়ারবাজারে প্রায় এক হাজার ২১৭ কোটি টাকা বিদেশি বিনিয়োগের বিপরীতে তোলা হয়েছে প্রায় এক হাজার ১৩৮ কোটি টাকা। সেই হিসাবে বছরশেষে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ৭৯ কোটি টাকা। ২০১০ সালে এক হাজার ৭৯ কোটি টাকার বিনিয়োগের বিপরীতে বাজার থেকে তোলা হয়েছে প্রায় এক হাজার ৭৫৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ। সেই হিসাবে ২০১০ সাল শেষে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ ঋণাত্মকই ছিল। বিদেশি বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত এ দেশীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বাজারের নিম্নমুখী প্রবণতা বিদেশিদের বিনিয়োগের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। এখনো প্রচুর বিদেশি বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়লেও এখনো তা এ দেশের শেয়ারবাজারের তুলনায় খুবই সামান্য বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এ দেশের বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ এখনো বাজার মূলধনের ১ শতাংশের কম। এ কারণে এসব বিনিয়োগ বাজারের উত্থান-পতনের পেছনে বড় কোনো ভূমিকা রাখতে পারছে না। বিদেশি বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত এদেশীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এ দেশের বিনিয়োগকারী আর বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের ধরনে অনেক পার্থক্য রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা অনেক বেশি গবেষণানির্ভর। সেই সঙ্গে তাঁরা স্বল্প সময়ের মুনাফার চেয়ে দীর্ঘ মেয়াদে মুনাফাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ব্যাংক, বিমা, বিদ্যুৎ-জ্বালানি, বহুজাতিক কোম্পানি এবং ওষুধ শিল্প খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতিই মূলত বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি।বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের বড় অংশের সঙ্গে যুক্ত ব্র্যাক ইপিএল সিকিউরিটিজ। বিদেশি বিনিয়োগের বড় অংশই আসে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে। ব্র্যাক ইপিএল সিকিউরিটিজের মাধ্যমে বিদেশি বিনিয়োগ হলেও এর সঙ্গে সহযোগী হিসেবে সম্পৃক্ত রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। যোগাযোগ করা হলে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ ফারাজী প্রথম আলোকে বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে এ দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি। ধারাবাহিকভাবেই এই বিনিয়োগের পরিমাণ বাড়ছে। যখনই বাজারে বড় ধরনের পতন হয়, তখনই বিদেশি বিনিয়োগ বাড়ে। যেহেতু আমাদের বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ খুব বেশি নয়, তাই এসব বিনিয়োগ বাজারে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না।’ খালেদ ফারাজী আরও বলেন, ‘বর্তমানে বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠান ও আলোচিত বিনিয়োগকারীদের বেশির ভাগই এ দেশের বাজারে বিনিয়োগ করছে। যাদের বেশির ভাগই ইউরোপ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। সেকেন্ডারি মার্কেটেই এসব বিনিয়োগ আসছে।’