বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে: শিল্পমন্ত্রী

বেসরকারি খাত নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে বিদেশি বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ভারত সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক ‘নবম ইন্ডিয়া ক্যাম-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ আয়োজন করেছে। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্বল্প মজুরিতে দক্ষ শ্রমিক, পেশাজীবী ও প্রযুক্তিবিদের সহজ প্রাপ্যতা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও টিকে থাকার সক্ষমতা এবং সংকট মোকাবিলায় পারদর্শিতার ফলে বাংলাদেশের অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ঐতিহাসিকভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্কের ভিত্তি জোরদারে বাংলাদেশ সব সময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচিত সুসম্পর্কের এ ধারা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরও জোরদার হয়েছে। স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু’দেশের সম্পর্কের ভিত্তি ভিন্নতর উচ্চতায় পৌঁছেছে।
মন্ত্রী বলেন, গত সাত বছরে নিরাপত্তা, সংযোগ, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা এবং জনগণের আন্তযোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি কৃষি খাতের আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়াতে পারস্পরিক কৃষি প্রযুক্তির স্থানান্তর ও অভিজ্ঞতার বিনিময়ের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে দুই দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।