ভারতের খুচরা ব্যবসায়ে বিদেশি মূলধন বিনিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এখন থেকে ভারতের ক্ষুদ্র ব্যবসায়ে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান ৫১ শতাংশ পর্যন্ত মূলধন বিনিয়োগ করতে পারবে।কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতিবিষয়ক কমিটি গত শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এ সিদ্ধান্তের কথা জানান।তবে এ সিদ্ধান্তে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকার। বিভিন্ন স্থানে বিরোধীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সিদ্ধান্ত না প্রত্যাহার না হলে তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারে থাকবে কি না, সে সিদ্ধান্তেও যেতে পারে বলে হুমকি দিয়েছে। ইউপিএ সরকার গত বছরও খুচরা ব্যবসায়ে বিদেশি মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তখন দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্তটি স্থগিত করে।এবার কেন্দ্রীয় সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে খুচরা ব্যবসা ছাড়া বেসরকারি বিমান পরিবহনে ৪৯ শতাংশ এবং তথ্য ও সম্প্রচার খাতে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি মূলধন বিনিয়োগ করা যাবে। তবে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সিপিআই এবং সিপিএম বলেছে, এ সিদ্ধান্ত গরিবের সর্বনাশ ডেকে আনবে।তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারে থাকবে কি না, সেই সিদ্ধান্ত ঘোষণা করবে।