বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রত্যাবাসনের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান ও উপাত্ত বিশ্লেষণ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ তথ্য দিয়েছে। সিপিডি চলতি ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির যে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে, তাতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হিসাবে দেশে ৩০ কোটি ৩৪ লাখ ডলার এসেছে। আবার একই সময় মুনাফা ও লভ্যাংশ, আয় এবং বিভিন্ন মাশুল বাবদ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ৩৮ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে। তার মানে এই সময়কালে বিদেশি বিনিয়োগ হিসাবে দেশে যে পরিমাণ অর্থ এসেছে, তার চেয়ে বেশি অর্থ বাইরে চলে গেছে এই খাতের কারণেই। অবশ্য বিদেশি বিনিয়োগের বিপরীতে মুনাফা ও লভ্যাংশ, আয় ইত্যাদি প্রত্যাবাসনের সুযোগটি বাংলাদেশের বিদেশি বিনিয়োগ নীতিমালায় যেমন স্বীকৃত, তেমনি তা বৈধ পথেই প্রেরণ করা হয়। সিপিডির বিশ্লেষণ থেকে আরও দেখা যায় যে আলোচ্য সময়কালে মুনাফা ও লভ্যাংশ বাবদ প্রত্যাবাসন করা হয়েছে ১০ কোটি ৪৭ লাখ ডলার। এই সময়ে তেল-গ্যাস কোম্পানিগুলো আয় বাবদ প্রত্যাবাসন করেছে ২৭ কোটি ২৬ লাখ ডলার। আগামী দিনগুলোয় এই প্রত্যাবাসনের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে সিপিডি। এ ছাড়া বিভিন্ন মাশুল বাবদ প্রত্যাবাসিত অর্থের পরিমাণ ৫৬ লাখ ডলার।এতে আরও দেখা যায় যে গত তিন বছর ধরে প্রত্যাবাসনের জন্য অর্থের পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। ২০০৬-০৭ অর্থবছরে যেখানে এই প্রত্যাবাসনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৫৮ লাখ ডলার, সেখানে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে ৬৫ কোটি ৩০ লাখ ডলার ও ৮৮ কোটি ডলার। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় যে ২০০৬-০৭ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাবদ মোট ৭৯ কোটি ২৭ লাখ ডলার বাংলাদেশে এসেছে যেখানে তার পরের বছর এর পরিমাণ ছিল ৭৬ কোটি ৮৭ লাখ ডলার। আর ২০০৮-০৯ অর্থবছরে এর পরিমাণ ছিল ৯৬ কোটি ডলার।সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যাবাসন বা অর্থ বাইরে যাওয়ার প্রবণতাও বাড়বে। এ ক্ষেত্রে ব্যবসারত প্রতিষ্ঠানগুলোকে তাদের উদ্বৃত্ত অর্থ দেশেই বিনিয়োগে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে সিপিডি। এ ছাড়া সিপিডি স্থানান্তর মূল্য হিসাবে অর্থ প্রত্যাবাসনকে কঠোরভাবে তদারক করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে। কারণ, স্থানান্তর মূল্য উন্নয়নশীল দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ ও সম্পদ বাইরে চলে যাওয়ার উদাহরণ আছে।সিপিডি একই সঙ্গে বিদেশি বিনিয়োগের তথ্য-পরিসংখ্যানে কিছু অসঙ্গতির বিষয় তুলে ধরেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মাসওয়ারি প্রধান অর্থনৈতিক সূচকগুলো শীর্ষক প্রতিবেদনে বিদেশি বিনিয়োগের যে পরিসংখ্যান দেওয়া হয়, তার সঙ্গে মাসওয়ারি অর্থনৈতিক প্রবণতা প্রতিবেদনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য মেলে না। এর কারণ হিসেবে বলা হয়েছে, প্রথমটিতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিদেশি বিনিয়োগের তথ্য অন্তর্ভুক্ত হয় না। আবার বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগবিষয়ক ষান্মাসিক জরিপ প্রতিবেদনে উপস্থাপিত বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানের সঙ্গে বার্ষিক প্রতিবেদনে লেনদেনের ভারসাম্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানের মিল পাওয়া যাচ্ছে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০০৮-০৯ অর্থবছরে জরিপ প্রতিবেদন অনুসারে যেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৯৬ কোটি ডলার, সেখানে একই বছর বার্ষিক প্রতিবেদন অনুসারে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০৩ কোটি ৪০ লাখ ডলার। আবার চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রধান অর্থনৈতিক সূচকগুলো প্রতিবেদনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে ২২ কোটি ৮০ লাখ ডলার যেখানে মাসওয়ারি অর্থনৈতিক প্রবণতা প্রতিবেদনে এর পরিমাণ দেখানো হয়েছে ৩৫ কোটি ২৭ লাখ ডলার।সিপিডি এসব অসামঞ্জস্য বিশদভাবে পর্যালোচনা করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য-পরিসংখ্যানে অভিন্নতা আনার সুপারিশ করেছে।